২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরিয়ায় যুদ্ধবিরতি ফলপ্রসূ হওয়ার আশাবাদ'

চারদিন ধরে চলমান সিরিয়ার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে কাজ শুরু করা জাতিসংঘের পর্যবেক্ষকরা তাদের মিশনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের এ আশাবাদের মধ্যেই সিরিয়ার কোথাও কোথাও সরকারি বাহিনী গোলা বর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

বৈরুত, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চারদিন ধরে চলমান সিরিয়ার যুদ্ধবিরতি পর্যবেক্ষণে কাজ শুরু করা জাতিসংঘের পর্যবেক্ষকরা তাদের মিশনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের এ আশাবাদের মধ্যেই সিরিয়ার কোথাও কোথাও সরকারি বাহিনী গোলা বর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাজধানী দামেস্কে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের আগে এ আশাবাদ ব্যক্ত করেন তারা। মরক্কোর সেনা কর্মকর্তা আহমেদ হিমিশের নেতৃত্বে কয়েকটি দেশের ছয়জন সেনা কর্মকর্তা জাতিসংঘের অগ্রবর্তী পর্যবেক্ষক হিসেবে রোববার রাতে দামেস্কে এসে পৌঁছান। জাতিসংঘের শান্তি রক্ষীদের বৈশিষ্ট্যসূচক নীল টুপি পরিহিত নিরস্ত্র এই পর্যবেক্ষকরা সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষ যুদ্ধবিরতির শর্ত মানছে কিনা তা পর্যবেক্ষণ করবেন। "আমাদের দায়িত্ব পালনের জন্য যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেব আমরা," হোটেলে লবিতে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন পর্যবেক্ষক দলের নেতা আহমেদ হিমিশ। সিরিয়ার অব্যাহত বিক্ষিপ্ত সহিংসতার মধ্যে শান্তি প্রস্তাবের ভবিষ্যতের বিষয়ে তাদের মনোভাব কি জানতে চাইলে হিমিশ বলেন, "আমরা আশাবাদী"। সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকের সংখ্যা ২৫০ জন হতে পারে বলে আভাস পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার তদন্ত দল সোমবার জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও সিরিয়া থেকে তারা সরকারি বাহিনীর গোলাবর্ষণ ও গ্রেপ্তার অব্যাহত রাখা সংক্রান্ত প্রতিবেদন পেয়েছেন। সেই সঙ্গে বিদ্রোহী বাহিনীর হাতে আটক সরকারি সেনাদের হত্যার বিষয়টিও তারা জেনেছেন বলে জানান। তবে গত বৃহস্পতিবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সহিংসতা আগের থেকে অনেক কমেছে বলেও জানান তারা। এদিকে, হোমসে সরকারি বাহিনীর গোলাবর্ষণে সোমবার চারজন নিহত হয়েছে বলে দাবি করেছে আসাদবিরোধী আন্দোলনকারীরা। ইদলিবে সরকারি সেনা ও বিদ্রোহী সেনাসদস্যদের মধ্যে এক লড়াইয়ে একই দিন আরো চারজন নিহত হয়েছে বলেও জানিয়েছেন তারা। তারা আরো জানিয়েছেন, হামা শহরে একটি চলন্ত গাড়িতে গুলিবর্ষণ করা হলে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হয়। সোমবার ভোররাতের এসব হামলার ঘটনাকে "সন্ত্রাসী গোষ্ঠীর" কাজ বলে দাবি করেছে সিরীয় সরকার। কফি আনানের প্রস্তাবে শহরগুলো থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও সেনাবাহিনী তৃতীয় দিনের মতো হোমসে গোলাবর্ষণ করেছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। গত ১৩ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক অধিকারের দাবিতে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা গত বছরের মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারে বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলন দমনে সরকারের গৃহীত দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জনতা ক্রমে সশস্ত্র বিদ্রোহের দিকে ঝুঁকে পড়ে। আন্দোলনকারীদের বিদেশি সমর্থনপুষ্ট "সশস্ত্র সন্ত্রাসী" আখ্যা দিয়ে তাদের হামলায় ২ হাজার ৫শ' সরকারি বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে সিরীয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৯ ঘ.