২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম কিম

বারাক ওবামার ‘অপ্রত্যাশিত’ পছন্দ কোরীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ইয়ং কিম বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 05:55 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ওয়াশিংটন, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ইয়ং কিম বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রধান নির্বাচিত হয়েছেন। বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী পরিষদের ভোটে এ পদে নির্বাচিত হন তিনি। তবে প্রেসিডেন্ট পদে এবারের নির্বাচিত ব্যক্তি আগেকার মতো একজনের পক্ষে ‘ঐক্যবদ্ধ’ ভোট পড়েনি। বিশ্ব ব্যাংক বলেছে, চূড়ান্তভাবে মনোনীতরা বিভিন্ন দেশের সমর্থন পান যাতে প্রার্থীদের যোগ্যত প্রমাণিত হয়। বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক আগামী জুনে দায়িত্ব ছাড়ার পর ১ জুলাই এ পদে আসীন হবেন কিম। অনেকটা অপ্রত্যাশিতভাবেই গত ২৪ মার্চ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে জোয়েলিকের উত্তরসূরি হিসেবে জিম কিমের নাম ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জাতিসংঘে ওয়াশিংটনের দূত সুসান রাইসসহ কয়েক জনের নাম আলোচনায় থাকলেও ২০০৬ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় থাকা জিম কিমের কথা কখনো আসেনি। কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম কিম নিউ হ্যাম্পশায়ারের ডার্টমাউথ কলেজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক গঠনের পর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরাই এর প্রধান পদটি অলঙ্কৃত করে আসছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনীত প্রার্থী হিসাবে বিশ্ব ব্যাংকের শীর্ষ পদে এসেছিলেন জোয়েলিক। এবার এ পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নাইজেরিয়ার অর্থমন্ত্রী নগচি ওকোনজো-আইয়েলা ও কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী ও নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসে আন্তনিও ওকাম্পো। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের নামও ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তুলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ইউনূস নিজেই তার অনাগ্রহের কথা জানান। বিশ্ব ব্যাংকে কে কতো অনুদান দেয় তার ওপর ভিত্তি করে সেখানে ভোটের ক্ষমতা নির্ধারিত হয়। ৫২ বছর বয়সী জিম কিমের মনোনয়নে ওবামার যুক্তি ছিল, “উন্নয়ন বিষয়ক কোনো বিশেষজ্ঞকে বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থার নেতৃত্বে আনার এখনই সময়।” ১৯৫৯ সালে সিউলে জন্ম নেওয়া জিম কিম ‘পার্টনারস ইন হেলথ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠান দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিতে কাজ করে। ১৯৮৭ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় এর সঙ্গে যুক্ত হন তিনি। ২০০৯ সালে ডর্টমাউথ কলেজের প্রেসিডেন্ট মনোনীত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২৩৪৫ ঘ.