২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষকদের কাজ শুরু

সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কাজ শুরু করেছে দেশটিতে পৌঁছানো জাতিসংঘ পর্যবেক্ষক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

জেনেভা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কাজ শুরু করেছে দেশটিতে পৌঁছানো জাতিসংঘ পর্যবেক্ষক দল। সিরিয়ায় সরকার এবং বিরোধীপক্ষ যুদ্ধবিরতির শর্ত মানছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের মুখপাত্র। রোববার রাতে মরোক্কোর কর্ণেল আহমেদ হিমিশে’র নেতৃত্বে দামেস্কে পৌঁছেছে ৬ পর্যবেক্ষকের একটি দল। মাঠ পর্যায়ে কাজ শুরুর আগে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের সঙ্গে যোগাযোগ করবে জাতিসংঘ পর্যবেক্ষকদের এ অগ্রবর্তী দল। সোমবার এ দলে আরো সদস্য যোগ দেয়ার কথা রয়েছে। এ সপ্তাহেই পর্যবেক্ষক দলে মোট সদস্য সংখ্যা ৩০ জনে দাঁড়াবে বলে জানা গেছে। আনানের মুখপাত্র আহমেদ ফৌজি এক বিবৃতিতে বলেছেন, সকালে অপারেটিং হেডকোয়ার্টার স্থাপনের মধ্য দিয়ে কাজ শুরু হবে। এরপর সিরিয়া সরকার ও বিরোধী দু’পক্ষের সঙ্গে আলোচনা চালানো হবে। যাতে দুপক্ষই জাতিসংঘ পর্যবেক্ষকদের ভূমিকা পুরোপুরি বুঝতে পারে। অস্ত্রবিরতির মধ্যেও সিরিয়ায় সহিংসতা চলছে। শুধু রোববারই সহিংসতায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এদের বেশি ভাগই হোমস শহরের বাসিন্দা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষের কর্মীরা জানান, মধ্যাঞ্চলের ওই শহরটিতে গোলা হামলা বাড়িয়েছে আসাদের অনুগত বাহিনী। এছাড়া, হামা শহরে আসাদ বাহিনীর হাতে সোমবারও দুইজন নিহত হয়েছে বলে দাবি করেছে বিরোধী পক্ষ। তবে সিরিয়ায় বিদেশি গণমাধ্যমের প্রবেশে বাধা থাকায় নিরপেক্ষতা যাচাই করা সম্ভব হয়নি। জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনান প্রণীত ছয়দফা শান্তি প্রস্তাবের আওতায় বৃহস্পতিবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর শুরু করে সিরিয়া সরকার। কিন্তু ‘সন্ত্রাসী হামলা’র ঢেউ মোকাবেলা করার সরকারি ঘোষণায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ১৩ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতা বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে আনান যুদ্ধবিরতিসহ ছয়টি প্রস্তাব সম্বলিত একটি শান্তি প্রস্তাব পেশ করেন। সিরীয় সরকার ও বিদ্রোহীরা প্রস্তাবটি মেনে নেওয়ার প্রতিশ্র“তি দেয়। প্রস্তাবে সরকার বিরোধীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা শুরু করা, লড়াই কবলিত এলাকাগুলোতে মানবিক ত্রাণ পাঠানোর অনুমতি, সরকারবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে জড়িত রাজবন্দিদের মুক্তি, সিরিয়ার বিভিন্ন শহরে মোতায়েন সরকারী বাহিনীর প্রত্যাহার ও সিরিয়াজুড়ে সাংবাদিকদের অবাধে কাজ করার সুযোগ দেয়ার অনুরোধ জানানো হয়। জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ শনিবার কোনো বিরোধিতা ছাড়াই ৩০ জন পর্যবেক্ষককে সিরিয়ায় পাঠাতে একমত হয়। গত বছর মার্চে সিরিয়ার অস্থিরতা শুরু হওয়ার পর থেকে এই প্রথম সিরিয়া প্রসঙ্গে কোনো প্রস্তাবে নিরাপত্তা পরিষদ সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করলো। পর্যবেক্ষক দলের কোনো সদস্য অস্ত্র বহন করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী, সিরিয়ায় গত ১৩ মাসের সহিংসতায় অন্ততপক্ষে ৯ হাজার মানুষ নিহত হয়েছে। আর সিরীয় সরকারের দাবি, এ সময় বিদেশি সমর্থনপুষ্ট জঙ্গিরা প্রায় ২ হাজার ৫শ’ সেনা ও পুলিশকে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৯ঘ.