২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে পার্লামেন্ট ও দূতাবাসে তালেবান হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবনসহ কয়েকটি দূতাবাস, ন্যাটো দপ্তর এবং অন্যান্য স্থানে রোববার একযোগে জঙ্গি হামলা হয়েছে। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। (আরো তথ্যসহ-১)ভিডিও

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Apr 2012, 10:23 AM

Updated : 25 Apr 2022, 09:14 PM

কাবুল, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের পার্লামেন্ট ভবনসহ রাজধানী কাবুলে অবস্থিত কয়েকটি দূতাবাস এবং ন্যাটো দপ্তরে রোববার একযোগে জঙ্গি হামলা হয়েছে। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে।

আফগান কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দূতাবাস এলাকা ও পার্লামেন্ট ভবনে বোমা হামলা ও গোলাগুলি হয়েছে।

জঙ্গিদের হামলার মূল লক্ষ্য ছিল ব্রিটিশ, জার্মান দূতাবাস ও আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর দপ্তর। ব্রিটিশ, রুশ, জার্মান এবং মার্কিন দূতাবাস এলাকায় হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, দুটি প্রদেশে একযোগে হামলা শুরু করে তালেবান যোদ্ধারা। তারা কূটনীতিক পাড়ার বিভিন্ন দূতাবাস, ন্যাটোর দপ্তর এবং রাজধানীর পশ্চিমে পার্লামেন্ট ভবনে হামলা করেছে।

তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে পার্লামেন্টের বেশ কয়েকজন এমপি নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বলেও জানা গেছে।

কান্দাহারের পার্লামেন্ট সদস্য নাঈম হামিদজাই লালাই রয়টার্সকে বলেন, “আমি জনগণের প্রতিনিধি এবং আমাকে তাদের রক্ষা করতে হবে।”

হামলা ও লড়াইয়ের ঘটনায় ৭ জঙ্গি নিহত এবং অন্তত ২৪ জন আহতের খবর পাওয়া গেছে। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এক নিরাপত্তা কর্মকর্তা বিবিসি’কে জানিয়েছেন, লোগার প্রদেশে নিহত হয়েছে তিন আত্মঘাতী হামলাকারী এবং তালেবানদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে আহত হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য।

জাবিহুল্লাহ মুজাহিদ সব হামলার দায় স্বীকার করে বলেছেন, “এটা বসন্তকালীন হামলার শুরু। কয়েকমাস ধরে আমরা এ হামলা চালানোর পরিকল্পনা করেছি।”

কাবুল জুড়ে শোনা গেছে একাধিক বিস্ফোরণ ও গুলির শব্দ। লোগার, পাকটিকা এবং নানগরহার প্রদেশে হামলা হয়েছে। তাছাড়া, জালালবাদেও আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। আত্মঘাতী হামলাকারীরা এ এলাকার একটি বিমানবন্দরে হামলা করে বলে জানিয়েছে পুলিশ। হামলার শিকার হয়েছে জালালবাদের মার্কিন বিমান ঘাঁটিও।

লোগার, পাকটিকা এবং নানগরহারে ১০ জনেরও বেশি আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র। লোগারের রাজধানী পুল এ আলম এর একটি সরকারি ভবন দখল করেছে জঙ্গিরা। সেখানে দু’পক্ষে বন্দুকযুদ্ধ চলছে বলে জানিয়েছে পুলিশ। পাকটিকার রাজধানী গারদেজও একটি ভবন দখল করেছে জঙ্গিরা।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, কাবুলে ব্রিটিশ কূটনীতিকদের ব্যবহৃত একটি বাড়িতে রকেট চালিত গ্রেনেড হামলা হয়েছে। কাবুলে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের নিরাপত্তা টাওয়ারেও দুটি রকেট হামলা হয়েছে। রকেট হামলার খবর পাওয়া গেছে রাশিয়ার দূতাবাসেও।

এছাড়া জার্মানির দূতাবাসের দিক থেকেও ধোঁয়া উড়তে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে এ বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন দূতাবাসের কাছে রোববার হামলার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এতে দূতাবাসের কোনো কর্মকর্তা-কর্মচারী হতাহত হয়নি বলে দূতবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

মোবাইল ফোন থেকে এক লিখিত বার্তায় মার্কিন দূতাবাস জানায়, “যুক্তরাষ্ট্রের দূতাবাসের চারপাশের এলাকায় হামলা চলছে। এ এলাকা এড়িয়ে চলুন। কোথাও আশ্রয় নিন।”

বিবৃতিতে জানানো হয়, “দূতবাস নিশ্চল হয়ে আছে এবং সব কর্মীদের নিরাপদে থাকার জন্য বলা হচ্ছে।”

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকটিকায় পুলিশ প্রধানের কম্পাউন্ডের কাছে ৪ তলা ভবন জঙ্গিরা দখল করেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ভবনটি জঙ্গি মুক্ত করতে হেলিকপ্টার গাণশিপ হামলা শুরু করেছে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনী।

তালেবানরা প্রথম হামলা চালানোর ৫ ঘণ্টা পর নতুন করে লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তালেবান যোদ্ধাদের পরাস্ত করতে লড়ছে আফগান নিরাপত্তা বাহিনী।

বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে ভারী গোলাগুলির শব্দ। রাজধানীর একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে তালেবান যোদ্ধারা অবস্থান নিয়েছে বলে জানিয়েছে তালেবানরা।

কাবুলের পূর্বাঞ্চলে একটি ফরাসি কনভয় এবং গ্রিক সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। ফরাসি ও গ্রিক সেনারা তালেবানদের হামলার জবাব দিয়েছে মেশিনগানের গুলি ছুড়ে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে হামলার ঘটনায় হাক্কানি নেটওয়ার্ক জড়িত বলে ধারণা করা হচ্ছে। তালেবানদের সঙ্গে হাক্কানি গ্র“পের সংশ্লিষ্টতা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১২৫.