ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাস্তির মেয়াদ শেষে আগামী সপ্তায় ওসামা বিন লাদেনের তিন বিধবা স্ত্রী ও সন্তানদের সৌদি আরবে পাঠিয়ে দিতে পারবে বলে আশা করছে পাকিস্তান।
তাদের আইনজীবী মোহাম্মদ আমির খলিলের বরাত দিয়ে এনডিটিভি শুক্রবার এ খবর জানায়।
অবৈধ ভাবে পাকিস্তানে প্রবেশ ও বসবাসের দায়ে তাদের দণ্ডিত করে পাকিস্তানি আদালত।
আইনজীবী খলিল জানান, দেড়মাস কারাভোগের পর বিন লাদেনের তিন বিধবা স্ত্রীর শাস্তির মেয়াদ শেষ হবে আগামী ১৭ এপ্রিল। এর পরদিনই আল কায়েদার নিহত শীর্ষ এই নেতার পরিবারের সদস্যদের সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হবে।
বিন লাদেনের দুই স্ত্রী সৌদি আরবের এবং এক স্ত্রী ইয়েমেনের নাগরিক।
বিন লাদেনের ইয়েমেনি স্ত্রীকে কেন ইয়েমেনে না পাঠিয়ে সৌদি আরবে পাঠানো হবে এ বিষয়টি তিনি খোলাসা করেন নি।
অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ ও বসবাসের দায়ে দেশটির একটি আদালত চলতি মাসের শুরুর দিকে ওসামার স্ত্রী-কন্যাসহ পাঁচ নারীকে দেড়মাসের কারাদণ্ডে দণ্ডিত করে।
চলতি বছরের মার্চের তিন তারিখ থেকে যখন তাদের আনুষ্ঠানিকভাবে আটক করা হয় সেদিন থেকে এ সাজা শুরু হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার পরই তাদের পাকিস্তান থেকে বের করে দেওয়া হবে।
২০১১ সালের ২ মে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে নিহত হন আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। তিনি পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি সুরক্ষিত বাড়িতে পরিবারসহ আত্মগোপন করেছিলেন।
বিন লাদেনের পরিবারের দণ্ডিত সদস্যরা বর্তমানে ইসলামাবাদের একটি গৃহে বন্দি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৪৫৪ ঘ.
bdnews24