পিয়ংইয়ং/সিউল, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দূরপাল্লার রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়ে বিব্রত উত্তর কোরিয়া এখন সামরিক শক্তি জাহির করতে পরমাণু পরীক্ষা চালানোর পথে এগুবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর কোরিয়া এক বিরল স্বীকারোক্তিতে শুক্রবার রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে রকেট ছাড়ার ঘোষণা দেওয়া উত্তর কোরিয়ার নতুন তরুণ নেতা কিম জং উনের জন্য এ ব্যর্থতা এক ধরনের বিপর্যয়।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রয়াত কিম ইল সাঙের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কক্ষপথে আবহাওয়া উপগ্রহ পাঠানোর কথা বলে এই রকেট উৎক্ষেপণ করা হলেও শেষ পর্যন্ত তা বিধ্বস্ত হয়।
রকেটটি উৎক্ষেপণের মধ্য দিয়ে কিম সাঙের পৌত্র কিম জন উনের ক্ষমতারোহণের ক্ষণকে স্মরণীয় করে রাখারও পরিকল্পনা করা হয়েছিল।
কিন্তু তা ব্যর্থ হওয়ায় এবার সামরিক সক্ষমতার প্রমাণ দিতে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষার পথে এগুবে বলে শঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।
“সামরিক ক্ষমতা জাহিরের পাশাপাশি অভ্যন্তরীণ সংহতি শক্তিশালী করার লক্ষ্যে উত্তর কোরিয়ার আরেকটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ বা নতুন পরমাণু পরীক্ষার চেষ্টা করার সম্ভবনা খুবই বেশি,” দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা পার্লামেন্টের শুনানিতে একথা বলেন।
বিশ্বের অন্যতম কড়া পাহারার সীমান্তের এপার ওপারের দুই দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়া বলতে গেলে এখনো কৌশলগতভাবে যুদ্ধে লিপ্ত। কারণ ১৯৫৩ সালে এক সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে কোরিয়া উপদ্বীপে যুদ্ধের রাশ টানা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত ওই যুদ্ধবিরতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১১ঘ.
bdnews24