বৈরুত, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত সেনাদের অস্ত্রবিরতি পরীক্ষার জন্য সরকার বিরোধী আন্দোলনকারীরা শুক্রবার জুমার নামাজের পর বড় ধরনের বিক্ষোভ ডেকেছে।
সরকার বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) প্রধান বুরহান ঘালিয়ুন বলেছেন, র্কর্তৃপক্ষ নতুন করে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেবে বলে তিনি মনে করেন না। শুক্রবার জুমার নামাজের পরই সরকার বিরোধী প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভের মধ্য দিয়ে সিরিয়ার গণআন্দোলন শুরু হয়েছিল।
কতৃপক্ষ তাদের “হাত বন্দুকের ট্রিগারে রেখেছেন” বলে দাবি করেন তিনি।
“যদিও আমরা সিরিয়ার মানুষকে তীব্র প্রতিবাদ করতে বলেছি, তবে তাদের সতর্ক থাকতেও বলেছি। কারণ ক্ষমতাসীনরা অস্ত্রবিরতি মেনে চলে না , তারা গুলি করতে পারে,” রয়টার্সকে বলেন তিনি।
জাতিসংঘ-আরব লিগ শান্তিদূত কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে অস্ত্রবিরতি কার্যকর করে সিরিয়া সরকার।
এতে গত এক বছর ধরে চলমান সহিংসতার আপাত অবসানে শান্ত হয় সিরিয়া পরিস্থিতি।
অস্ত্রবিরতি পর্যবেক্ষণে জাতিসংঘের পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদ একটি প্রস্ত-াব প্রণয়ন করছে।
অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এক বিবৃতিতে তিনি বলেন, পরিস্থিতি অনেকটা শান্ত বলেই মনে হচ্ছে।
“বিশ্ববাসী পর্যবেক্ষণ করছে, কিন্তু সন্ধিগ্ধ চোখে, কারণ এর আগে সিরিয়া সরকার তাদের দেওয়া প্রতিশ্র“তি রক্ষা করতে পারেনি,” জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন বান কিব মুন।
বিশ্ব সম্প্রদায়ের নেতারাও সিরিয়ার অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছেন। সিরিয়ার সরকার ও সরকার বিরোধী বিদ্রোহীদের বছরব্যাপী লড়াই আশপাশের রাষ্ট্রগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ছয়টি প্রস্তাব রাখা হয়েছে, যা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার আসাদ সরকার।
এগুলো হলো, সিরিয়ার বিভিন্ন শহরে মোতায়েন সেনাসদস্য প্রত্যাহার, সরকার ও বিরোধী পক্ষের আলোচনা, রাজবন্দিদের মুক্তি, যুদ্ধকবলিত এলাকার বাসিন্দাদের জন্য মানবিক ত্রাণ সরবরাহের অনুমতি, গণমাধ্যম কর্মীদের কাজ করার অনুমতি এবং সমাবেশ করার স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে শ্রদ্ধা করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪৪ঘ.
bdnews24