দুবাই, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের তেল রপ্তানির ওপর দুই/তিন বছর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
হরমুজ প্রণালী সংলগ্ন হরমুজগান প্রদেশে এক সফরকালে তিনি একথা বলেন। মঙ্গলবার ইরানের ফার্স সংবাদ সংস্থা একথা জানিয়েছে।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা পুনরায় শুরুর তিনদিন আগে আহমাদিনেজাদ এ মন্তব্য করলেন।
“আমরা তাদের জানিয়ে দিতে পারি যে, আগামী ২/৩ বছর তেল রপ্তানি করা ছাড়াই খুব ভালভাবে চলার মতো জমানো অর্থ ইরানের আছে,” বলেন আহমাদিনেজাদ।
তিনি আরো বলেন, “ইরানের অধিকারে হস্তক্ষেপ করবে বিশ্বের এমন যে কাউকেই হরমুজগানের তরুণ প্রজন্ম তাদের মুখের ওপর এমন মুষ্ট্যাঘাত করবে যে তারা তাদের বাড়ি ফেরার পথ খুঁজে পাবে না।”
পরমাণু জ্বলানি সমৃদ্ধকরণ থেকে ইরানকে বিরত করতে ইউরোপীয় ইউনিয়ন আসছে জুলাই থেকে অপরিশোধিত ইরানি তেল আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রও ইরানের তেল রপ্তানি বন্ধে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনকারী যে কোনো আর্থিক প্রতিষ্ঠান মার্কিন অর্থবাজারের সঙ্গে লেনদেন করতে পারবে না বলে আইন পাশ করেছে।
যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা আশা করছে, তেল রপ্তানি ও অর্থ ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূিচ বন্ধ করতে ইরানকে বাধ্য করা যাবে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।
আর ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১৩৪ঘ.
bdnews24