সিরিয়া, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা ঘনিয়ে আসার আসন্ন মুহূর্তেও সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ছে সিরিয়ার লড়াই-সংঘর্ষ।
সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়া শুরুর পর থেকে সোমবার প্রথম তুরস্ক সীমান্তের ওপারে গুলিবর্ষণ করেছে সিরিয়ার সরকারি বাহিনী। এর প্রতিবাদ জানিয়েছে তুরস্ক।
সোমবার বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই তুরস্ক সীমান্তের ওপারে ছড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়।
ঘটনার প্রতিবাদে সিরিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়। এর আগে, লেবানন-সিরিয়া সীমান্তে এক লেবননি টিভি ক্যামেরাম্যান গুলিতে নিহত হন।
সহিংসতা চলতে থাকায় মঙ্গলবারের মধ্যে জাতিসংঘ প্রস্তাবিত যুদ্ধবিরতি আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ মঙ্গলবার থেকে কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু রোববার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি এক বিবৃতিতে জাতিসংঘের শান্তি চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের আগেই বিদ্রোহীদের পক্ষ থেকে লড়াই বন্ধ করার লিখিত অঙ্গীকার দাবি করেছেন। এ দাবি প্রত্যাখ্যান করেছে বিরোধীপক্ষ।
এ পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হওয়ার মুখেও সহিংসতা চলছেই। সোমবারও অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে তুরস্কের সীমান্তের কাছে বিদ্রোহীদের হামলায় নিহতদের মধ্যে সিরিয়ার সরকারি বাহিনীর ১২ জন সদস্যও রয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সংগঠনটি জানিয়েছে, সালামেহ এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে শুরু হওয়া লড়াই পরে সীমান্তের ওপারে ছড়িয়ে পড়ে। বিদ্রোহীদের বেশ কয়েকজন যোদ্ধা পিছু হটে তুর্কি সীমান্তের ভেতর ঢুকে গেলে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ চালিয়ে যায় সিরীয় বাহিনী।
তুর্কি সীমান্তের অভ্যন্তরে গুলিবর্ষণের এ ঘটনায় ইতিমধ্যে তিক্ত হয়ে ওঠা সিরিয়া-তুরস্ক সম্পর্কে আরো উত্তেজনা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১০৭ঘ.
bdnews24