কায়রো, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিশরে মে মাসের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের গোয়েন্দা প্রধানের পদপ্রার্থীতা দেশের গণআন্দোলনের অপমান এবং তার এ চেষ্টা সফল হলে দেশজুড়ে আবারো বিপ্লব ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুসলিম ব্রাদারহুড প্রার্থী খাইরাত আল-শাতির।
চলতি বছর ৩১ শে মার্চ আল-শাতিরকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে মুসলিম ব্রাদারহুড। এরপর এই প্রথম জনসম্মুখে এ মন্তব্য করলেন তিনি।
রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাতির মুবারকের সাবেক গোয়েন্দা প্রধান ওমর সুলাইমানের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার চেষ্টার শেষ মুহূর্তে তার নিন্দা জানান। ক্ষমতাচ্যুত হওয়ার আগে আগে ওমরকে ভাইস প্রেসিডেন্ট করেছিলেন হোসনি মুবারক।
রোববার সুলাইমান প্রেসিডেন্ট পদপ্রার্থীতার জন্য তার আবেদন জমা দেন। তিনি ছাড়াও মোট ২৩ জন প্রেসিডেন্ট পদপ্রার্থীতার জন্য আবেদন করেছে। নির্বাচন হবে ২৩ মে। ২০১১ সালের ফেব্রুয়ারিতে মুবারকের পতনের পর মিশরে এটিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।
সুলাইমান মনোনয়নের জন্য আবেদনের সময়সীমা শেষের আগ মুহূর্তে নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আর এরপরপরই শাতিরের কাছ থেকে বিরূপ মন্তব্যের শিকার হন তিনি।
মুবারকের শাসনামলে ১২ বছর কারাগারে কাটিয়েছেন শাতির।
রয়টার্সকে তিনি বলেন, “প্রেসিডেন্ট নির্বাচনে সুলাইমানের প্রার্থী হওয়া গণআন্দোলন ও মিশরের জনগণের জন্য অপমানকর। ওমর সুলাইমান অনেক বড় ভুল করছেন। তিনি শুধু কারচুপির মাধ্যমেই বিজয়ী হতে পারেন। আর এমন হলে আবার আন্দোলন শুরু হবে।”
নির্বাচনের পর বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছে মিশরের ক্ষমতাসীন সামরিক পরিষদ। হোসনি মুবারকের পতনের পর থেকে সামরিক পরিষদ মিশরের শাসনক্ষমতায় আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২২ঘ.
bdnews24