সাউথহ্যাম্পটন, ইংল্যান্ড, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একশ বছর আগে ডুবে যাওয়া টাইটানিকের ১৫’শ মৃত যাত্রীর বংশধরদের নিয়ে একটি প্রমোদতরী টাইটানিকের একই পথে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করেছে।
রোববার দক্ষিণ ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে ছেড়ে এসেছে এমএস বালমোরাল নামের এই প্রমোদতরী।
জাহাজটির যাত্রীদের অনেকেই টাইটানিকের যাত্রীদের মতো একশ বছর আগের প্রচলিত ফ্যাশনের পোশাক পরেছে। নারীরা পরেছে লোমের পোষাক আর পালকের হ্যাট। পুরুষেরা পরেছে স্যুট ও বৌলার হ্যাট।
প্রায় ১’শ বছর আগে এই বন্দর থেকেই বিখ্যাত টাইটানিক জাহাজ সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
টাইটানিকের যাত্রীদের মতোই বালমোরালের যাত্রীরাও জাহাজ ছাড়ার আগে ডেকের কিনারে লাইন ধরে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানায়।
টাইটানিক কখনো ডুববে না, এমনটিই ভাবা হয়েছিল। কিন্তু প্রথম যাত্রায়ই কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছাকাছি হিমশৈলে ভরা আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে (১৫ এপ্রিল, ১৯১২) যায়।
প্রায় ২২’শ যাত্রীর মধ্যে ৭’শ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও বাকী প্রায় ১৫’শ যাত্রীর করুণ মৃত্যু ঘটে। এতো যাত্রী মারা যাওয়ার পেছনে জাহাজের জীবন রক্ষাকারী বোটের অপ্রতুলতাকে দায়ী করা হয়। মাত্র অর্ধেক যাত্রীর জন্য লাইফ বোটের ব্যবস্থা ছিল।
সমুদ্র পথে বড় ধরনের এই দুর্ঘটনা তখন থেকে এখন পর্যন্ত মানুষের মনে গভীর রেখাপাত করে আছে। তাই এক ব্রিটিশ ভ্রমণ ফার্মের ব্যবস্থা করা এই স্মরণযাত্রায় ২৮টি দেশর ১ হাজার ৩’শ ৯ জন মানুষ প্রত্যেকে ১৩ হাজার ডলার (৮ হাজার পাউন্ড) দামে টিকেট কিনে শরীক হয়েছেন।
টাইটানিকের একই পথ অনুসরণে বালামোরাল প্রথমে যাবে ফ্রান্সের শেরবার্গে, তারপর আয়ারল্যান্ডের কোবহ থেকে টাইটানিক যে জায়গায় ডুবে যায় সেখানে গিয়ে থামবে। ১৫ এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার দিনটিতে স্মরণীয় ওই দুর্ঘটনার একশ বছর পূর্তি উপলক্ষে একটি স্মরণানুষ্ঠানও হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১১ঘ.
bdnews24