২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিশরে ঋণ দানে আইএমএফ’র আচরণ অগ্রহণযোগ্য’

ঋণ দানের শর্তে পরিবর্তন না আনলে আইএমএফ’র ঋণ গ্রহণে সরকারকে সমর্থন দেবে না বলে হুঁশিয়ার করেছে মিশরের মুসলিম ব্রাদারহুড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

কায়রো, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঋণ দানের শর্তে পরিবর্তন না আনলে আইএমএফ’র ঋণ গ্রহণে সরকারকে সমর্থন দেবে না বলে হুঁশিয়ার করেছে মিশরের মুসলিম ব্রাদারহুড। মুসলিম ব্রাদারহুডের মনোনীত মিশরের প্রেসিডেন্ট পদপ্রার্থী খাইরাত আল সাত্তার রোববার মিশরের সেনা সমর্থিত সরকারের প্রতি এ হুঁশিয়ারি জানান। গত বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট আর্থিক সঙ্কট সামাল দিতে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে ৩শ’ ২০ কোটি ডলার ঋণ নেওয়ার জন্য বিশ্ব সংস্থাটির সঙ্গে আলোচনা করছে মিশর সরকার। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইএমএফ’র একটি প্রতিনিধি দল এখন কায়রো অবস্থান করছেন। ঋণ প্রদানের শর্ত হিসেবে আইএমএফ বলেছে, তারা ঋণ মঞ্জুর করার আগেই মঞ্জুরির ব্যয় পরিকল্পনার বিষয়ে মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টিসহ সব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সম্মতি আদায় করতে হবে। এক্ষেত্রে আইএমএফ জোর দিচ্ছে মিশরের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির সম্মতির বিষয়ে। কারণ সেনা সমর্থিত মিশরের বর্তমান অস্থায়ী সরকার আর মাত্র তিন মাসের মতো ক্ষমতায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। এরপর নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করার করে তাদের সরে দাঁড়ানোর কথা রয়েছে। আর এক্ষেত্রে পার্লামেন্ট নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থীই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। “আমরা সরকারকে জানিয়েছি, তাদের সামনে দু’টি পথ খোলা আছে। হয় ঋণ গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে এসে সমস্যা সমাধানে অন্য যে কোন বিকল্প ঠিক করে তা আমাদের সম্মতি ছাড়াই বাস্তবায়ন করুন, নয় সরকার গঠনের কাজ তরান্বিত করুন,” রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন সাত্তার। তিনি জানান, দেশের অর্থিক অবস্থা আশঙ্কাজনক এবং আর্থিক বছরের শেষদিকে মে মাসে প্রথম বা মধ্যপর্যায়ে গভীর সঙ্কট তৈরি হতে পারে এ বিষয়টি তিনি বোঝেন। তবে এ সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের। মিশরের অর্থ বছর ৩০ জুন থেকে শুরু হয়। “দুই অথবা তিন মাসের জন্য যার দায় অস্থায়ী সরকার নেবে তারপর স্থায়ী সরকার হিসেবে যার দায় আমাকেই বহন করতে হবে এমন একটি ঋণ চুক্তি অনুমোদন করা আমার পক্ষে যুক্তিসঙ্গত হবে না,” বলেন তিনি। “অন্য কেউ ঋণ গ্রহণ করে খরচ করবে আর আমাকে তা ফেরত দিতে হবে? এটা অন্যায়,” বলেন সাত্তার। অস্থায়ী সরকার অভ্যন্তরীণ ব্যাঙ্কগুলো থেকে ঋণ নিয়ে আর্থিক ঘাটতি মেটানোর চেষ্টা করছে যা ইতিমধ্যেই সরকারের ঋণ নেওয়ার সীমা ছুঁয়ে ফেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৯ ঘ.