লিলঙ্গয়ি, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খ্যাতনামা নারী অধিকার আন্দোলনকর্মী জয়সি বান্দা (৬১) শনিবার মালাউয়ির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম নারী রাষ্ট্রপ্রধান তিনি।
তিনি মালাউয়ির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছিলেন। বৃহস্পতিবার হার্ট অ্যাটাকের পর প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকার মৃত্যু হলে সংবিধান অনুযায়ী দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
২০০৪ সাল থেকে মালাউয়ির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছিলেন বিঙ্গু মুথারিকা।
শনিবারই প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকার মৃত্যু সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে সরকারের দুইদিন সময় লাগায় দেশটিতে ক্ষমতার লড়াই শুরু হতে পারে বলে শঙ্কার সৃষ্টি হয়েছিল।
রাজধানী লিলঙ্গয়ির জাতীয় অ্যাসেম্বলিতে শপথ নেন বান্দা। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রেসিডেন্ট মুথারিকার মৃত্যুতে মালাউয়িতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
শপথ গ্রহণের পর বান্দা বলেন, “আশা ও ঐক্যের সম্মিলনে সবাইকে নিয়ে সামনের দিকে এগোতে চাই আমি।”
এ সময় তার পরণে ছিলো কালো, রূপালি ও গোলাপি রংয়ের পোশাক এবং মাথায় ছিলো পাগড়ি। তার উল্লসিত সমর্থকরা এ সময় গান গেয়ে আনন্দ প্রকাশ করছিল।
এর আগে এক সংবাদ সম্মেলনে নেতৃত্ব নিয়ে সৃষ্ট উদ্বেগ উড়িয়ে দেন তিনি। এ সময় মুথারিকার মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রিয় শোক ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মুথারিকার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে ইতিমধ্যে বৈঠকও সেরেছেন তিনি।
উত্তরাধিকার বিষয়ে সৃষ্ট দ্বন্দ্বের কারণে ২০১০ সালে মুথারিকার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি থেকে বান্দাকে বহিষ্কার করা হয়েছিল। তবে রাষ্ট্রিয় পদ থেকে তাকে সরানো হয়নি।
সুবিধাবঞ্চিত নারীদের শিক্ষায় সমর্থনকারী হিসেবে আন্তর্জাতিক মহলে পরিচিতি পাওয়া বান্দা ছোট ও দরিদ্র এ দেশকে নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে দেশটির জনসাধারণ আশা করছে ।
বড় বড় পশ্চিমা দাতা গোষ্ঠীর সঙ্গে বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ মুথারিকার দ্বন্দ্বের কারণে দেশগুলো মালাউয়িকে দেওয়া লাখ লাখ ডলারের অর্থ সহায়তা বন্ধ করে দেয়। এতে বিদেশি সহায্য নির্ভর মালাউয়ি গত এক বছরের বেশি সময় ধরে আর্থিক সঙ্কটে ভুগছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৪০৯ ঘ
bdnews24