২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের সঙ্গে বৈঠকে জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন আসিফ আলি জারদারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

নয়াদিল্লি, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন আসিফ আলি জারদারি। রোববার দুপুরে জারদারিকে বহন করা বিশেষ একটি বিমান দিল্লির পালাম বিমানবন্দরে নামে। এরপর তিনি ৭ রেসকোর্স রোডে মনমোহন সিংয়ের বাসভবনে যান। আসিফ আলি জারদারির ৪০জন সফর সঙ্গীর মধ্যে ছেলে বিলাওয়াল ভুট্টো ছাড়াও তার পরিবারের অন্তত ১৩ সদস্য রয়েছেন বলে এনডিটিভি’র এক খবরে বলা হয়েছে। ভারতের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করাই জারদারির এ সফরের মূল উদ্দেশ্যে। মনমোহনের সঙ্গে মধ্যাহ্নভোজের পর আজমিরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন পাকিস্তানি প্রেসিডেন্ট। মধ্যাহ্নভোজের ওই বৈঠকে দুই নেতার আলোচনায় বাণিজ্য ও দু’দেশের মধ্যকার বিরোধের কেন্দ্রবিন্দু কাশ্মির সমস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভি জানিয়েছে, মধ্যাহ্নভোজে কংগ্রেস পার্টির নেতা সোনিয়া গান্ধীর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি থাকছেন না। গত সাত বছরের মধ্যে এটাই পাকিস্তানি কোনো রাষ্ট্র প্রধানের প্রথম ভারত সফর। ২০০৫ সালে সর্বশেষ বেনজির ভুট্টোর সঙ্গে আজমির শরীফ জিয়ারত করতে ভারতে যান আসিফ আলি জারদারি। একই বছর পাকিস্তানি রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বশেষ ভারত সফরে যান পারভেজ মুশাররফ। ভারতে জারদারির সফরসূচি সম্পর্কে সরকারি একটি সূত্র জানায়, “প্রধানমন্ত্রী বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।” ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। তবে স¤প্রতি দু দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে। পাকিস্তান স¤প্রতি ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এছাড়া ভারত থেকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকাও ছোট করছে জারদারি সরকার। তবে দু দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মির ও ভারতের বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের তৎপরতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিরোধ এখনও রয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/১৩৪৯ ঘ.