ভুবনেশ্বর, উড়িষ্যা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কারাগারে বন্দি সঙ্গীদের চারদিনের মধ্যে মুক্তি না দিলে অপহৃত ইটালিয়ান বন্দির বিষয়ে ‘চরম পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছে ভারতের মাওবাদী বিদ্রোহীরা।
শুক্রবার অপহরণকারী উড়িষ্যার মাওবাদী বিদ্রোহীরা এ হুমকি দেয়। অপহৃত ইটালিয়ানকে মুক্তি দেওয়ার খবরকে উড়িয়ে দিয়ে এগুলোকে অসার প্রচারণা বলেও এ সময় দাবি করে তারা।
১৪ মার্চ উড়িষ্যার আদিবাসী এলাকা থেকে দুই ইটালিয়ান পর্যটককে অপহরণ করেছিল মাওবাদীরা। এদের মধ্যে পাওলো বুসোস্কো নামের একজনকে আটক রেখে অপরজন ক্লাউদিও কোল্যাঞ্জেলোকে ২৫ মার্চ মুক্তি দেয় তারা।
“যদি দাবি না মানা হয় তাহলে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা,” স্থানীয় টেলিভিশন স্টেশন থেকে প্রচারিত এক অডিও বার্তায় বলেন বিদ্রোহী নেতা সব্যসাচী পান্ডা। পরবর্তী ৯৬ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
দাবি পূরণ করা না হলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে তা ওই অডিও বার্তায় পরিষ্কারভাবে জানানো হয়নি।
ইটালীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মাওবাদীদের ওই ঘোষণায় রোম “উদ্বিগ্ন”।
উড়িষ্যা রাজ্য সরকার বৃহস্পতিবার জানিয়েছিল, তারা বুসোস্কো ও রাজ্য আইন পরিষদের সদস্য ঝিনা হিক্কার মুক্তির বিনিময়ে পান্ডার স্ত্রীসহ ২৭ জন মাওবাদী বন্দিকে মুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে।
২৪ মার্চ মাওবাদীদের অন্য একটি দল উড়িষ্যা বিধানসভার সদস্য ঝিনা হিক্কারকে অপহরণ করে।
তবে রাজ্যসরকার ঘোষিত তালিকায় মুক্তির জন্য মাওবাদীদের দাবীকৃত কয়েকটি নাম ছিল না।
ভারতের মাওবাদীরা এর আগে কখনো কোনো বিদেশি পর্যটককে অপহরণ করেনি। নদীতে øানরত আদিবাসী নারীদের ছবি তোলার কারণে ওই দুই ইতালিয়ানকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তারা।
তবে মাওবাদীদের হাত থেকে মুক্তি পাওয়া কোল্যাঞ্জেলো এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪২ ঘ.
bdnews24