২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিবিয়ার হাজতে হামলার শিকার হয়েছেন গাদ্দাফির ছেলে’

লিবিয়ায় হাজতে প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)অভিযোগ করেছেন সাঈফের পক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

লিবিয়া, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় হাজতে প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)অভিযোগ করেছেন সাঈফের পক্ষের আইনজীবীরা। এক বিবৃতিতে তারা দাবি করেছেন, একটি রক্ষীবাহিনীর তত্ত্বাবধানে সাঈফকে প্রায় নিঃসঙ্গ অবস্থায় রাখা হয়েছে এবং তাকে মারধর করা হচ্ছে। তারা আরও বলেছেন, উটের ও মাছের খামারের বৈধ অনুমতি দেওয়া নিয়ে অনিয়মের মতো গৌণ অপরাধের অভিযোগের ভিত্তিতে সাইফের বিচার করা হবে- মূলত এমন কথাই জানানো হয়েছে কৌসুলিদের। সাঈফের বিচার কে করবে তা নিয়ে লিবিয়া সরকার ও আইসিসি’র মধ্যে বিতর্ক চলছে। এ পরিস্থিতিতে লিবিয়ার হাজতে সাঈফের মারধোরের শিকার হওয়ার এ অভিযোগ ওঠায় তাকে আইসিসি’র কাছে হস্তান্তরে ত্রিপোলির ওপর চাপ আরো জোরদার হচ্ছে। লিবিয়ার ক্ষমতাসীন অন্তর্বর্তী জাতীয় পরিষদ সরকার জোর দিয়ে বলে আসছে, সাঈফের বিচার লিবিয়ার মাটিতেই হবে। অপরদিকে, আইসিসি বলছে, হেগের যুদ্ধাপরাধ আদালতকে সহযোগিতার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা লিবিয়ার মেনে চলা উচিত এবং সাঈফকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করা উচিত। বিবৃতিতে সাঈফ আল ইসলামের পক্ষের আইনজীবী জানান, তার বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ দায়ের করার মতো প্রয়োজনীয় প্রমাণ নেই, এটি সাঈফ ও তার আইনজীবীরা আগেই জেনেছেন। আইসিসির কাছে সাঈফকে হস্তান্তর করার ক্ষেত্রে সময়ের বাধ্যবাধকতার মুখোমুখি হয়ে লিবিয়া কর্তৃপক্ষ “নাটকীয়ভাবে ভোল পাল্টে” ফেলেছে এবং সাঈফের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তারা গুরুতর অভিযোগের ভিত্তিতে লিবিয়াতেই তার বিচার চায় বলে আইসিসি’কে জানিয়েছে বলে অভিযোগ করেন ওই আইনজীবী। ওদিকে, আইসিসি বলছে, সাঈফকে “আইনি কৃষ্ণগহ্বরে” আটক করে রেখে “তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।” এ অবস্থায় লিবিয়ার সরকার জানিয়েছে, তারা সাঈফের বিচার করার জন্য একটি বিশেষ আদালত প্রতিষ্ঠা করছে এবং তার বিচার লিবিয়ার মাটিতেই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৩৭ঘ.