২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দর পালকের ত্রাস ‘ইউটাইরানাস’

মাংসাশি ডাইনোসর টাইরানোসরাস রেক্সের (টি-রেক্স) পালকওয়ালা প্রজাতির এক সদস্যের ফসিল পাওয়া গেছে চীনের উত্তর-পূর্বাঞ্চলে। গবেষকদের ধারণা, ইউটাইরানাস নামের এ ডাইনোসর প্রজাতিই সর্বকালের সবচেয়ে বড় পালকযুক্ত প্রাণী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 05:16 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাংসাশি ডাইনোসর টাইরানোসরাস রেক্সের (টি-রেক্স) পালকওয়ালা প্রজাতির এক সদস্যের ফসিল পাওয়া গেছে চীনের উত্তর-পূর্বাঞ্চলে। গবেষকদের ধারণা, ইউটাইরানাস নামের এ ডাইনোসর প্রজাতিই সর্বকালের সবচেয়ে বড় পালকযুক্ত প্রাণী। ‘ইউটাইরানাস’ শব্দের অর্থ ‘সুন্দর পালকের ত্রাস’। পালকযুক্ত মাংসাশি এই প্রাণী পৃথিবীতে ছিল প্রায় ১২ কোটি ৫০ লাখ বছর আগে। এ প্রজাতির পূর্ণবয়স্ক এক একটি ডাইনোসরের ওজন ছিল প্রায় ১৪০০ কিলোগ্রাম। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক নিবন্ধে ‘ইউটাইরানাস’ নিয়ে এ তথ্য প্রকাশিত হওয়ার পর টি-রেক্সের বিবর্তন সম্পর্কে প্রচলিত ধারণা পাল্টে যেতে বসেছে। টি-রেক্স ও ইউটাইরানাসসহ ‘টাইরানোসরয়েডস’ গোষ্ঠীর ডাইনোসরগুলো ৬ কোটি ৫০ লাখ বছর আগে পর্যন্ত বেঁচে ছিলো। গবেষকরা বলছেন, আকারের দিক থেকে এ দুটি প্রজাতি প্রথম দিককার অন্য ডাইনোসরগুলোর তুলনায় দৈত্যাকৃতির ছিলো। চাইনিজ একাডেমি অব সায়েন্সের জিং জু বলেন, চীনে এ পর্যন্ত ইউটাইরানাসের তিনটি নমুনা পাওয়া গেছে। এর মধ্যে একটি দেড় টন ওজনের প্রাপ্তবয়স্ক প্রাণীর ফসিল ও প্রায় আধা টন ওজনের দুটি কমবয়সী প্রাণীর ফসিল রয়েছে। ইউটাইরানাসরা তাদের পায়ের তিনটি নখযুক্ত আঙুল নাড়াতেও পারতো। টি-রেক্সের এমন আঙুল ছিলো দুটি। ইউটাইরানাসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট এর পালকগুচ্ছ। দীর্ঘ এই পালকই তাদের দেহকে উষ্ণতা আর প্রবল ঠাণ্ডা থেকে রক্ষা করতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১১০০ ঘ.