বৈরুত/জাতিসংঘ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা অনুযায়ী সিরিয়া সেনা প্রত্যাহার শুরুর নিশ্চয়তা দিলেও দেশটিতে সংঘাত আরো বাড়ছে। পাশাপাশি বেসামরিক এলাকায় এখনো সরকারি বাহিনীর হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে তিনি সিরিয়ার এসব নেতিবাচক চিত্র তুলে ধরেন।
বান কি মুন বলেন, “সংকট নিরসনে সিরিয়ার সরকার জাতিসংঘ-আরব লিগের যৌথ প্রতিনিধি কফি আনানের পরিকল্পনা গ্রহণে সম্মত হলেও বেসামরিক এলাকায় সহিংসতা ও হামলা বন্ধ হয়নি। বরং পরিস্থিতির আরো অবনতি ঘটছে।”
আনানের বেধে দেওয়া সময়সীমার মধ্যে সহিংসতা বন্ধে সিরিয়ার প্রতি আহ্বান জানাতে বৃহস্পতিবার সম্মত হয়েছে নিরাপত্তা পরিষদ।
আনান জানান, বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহার ও জনবহুল এলাকায় ভারি অস্ত্রপাতির ব্যবহার বন্ধে দামেস্ককে বেধে সময়সীমা বাস্তবায়নে আগামী ১২ এপ্রিল সকাল ৬টার মধ্যে সরকার ও বিরোধী দলকে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে।
জেনেভা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, “সারাদেশে যোদ্ধা ও স্থানীয় পর্যায়ের সেনাদের কাছে এ বার্তা পৌঁছে দিতে স্পষ্ট নির্দেশ জারির জন্য সরকার ও বিরোধী কমান্ডারদের প্রতি আহ্বান জানাচ্ছি আমি।
আমাদেরকে অবশ্যই ট্যাঙ্ক, হেলিকপ্টার, মর্টার, বন্দুককের ব্যবহার, যৌন হয়রানি, নির্যাতন, হত্যা, অপহরণ, ঘরবাড়ির ধ্বংস, বাধ্যতামূলক স্থানত্যাগসহ সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে।”
জাতিসংঘের সাবেক এ মহাসচিব জানান, সেনা প্রত্যাহারের কাজ চলছে বলে দামেস্ক তাকে জানিয়েছে। তবে আরো সেনা প্রত্যাহার প্রয়োজন বলেও জানান তিনি।
তিনি বলেন, “ইদলিব, জাবাদানি ও দেরা থেকে কিছু সেনা প্রত্যাহারের কথা সরকার জানিয়েছে। তবে আরো পদক্ষেপ ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য অপেক্ষা করছি আমি।”
এদিকে তেমন উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহার হয়নি বলে জাবাদানির এক অধিবাসী জানান।
তিনি বলেন, “তারা খুবই মিথ্যাবাদী। সেনাদের প্রত্যাহার করা হয়নি। এখনও তারা শহরের মাঝেই রয়েছে। প্রতিদিনের মতো সকালেও তারা গোলাগুলি করেছে।”
জাতিসংঘের হিসেব অনুযায়ী, এক বছরে আসাদের অনুগত বাহিনীর হাতে এ পর্যন্ত ৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
অন্যদিকে সিরিয়া বলছে, সহিংসতায় ২ হাজার ৫৬৬ জন সৈন্য ও পুলিশসহ ৬ হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৭ ঘ.
bdnews24