বৈরুত, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় জাতিসংঘ প্রতিনিধির দামেস্ক সফরের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। বৃহস্পতিবার অন্তত ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। (আরো তথ্যসহ)
সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর ফের হামলা শুরু করেছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা। গোলা হামলা হয়েছে হোমস, দেরা এবং দমেস্কের দুমা শহরতলীতে।
সিরিয়া ইতোমধ্যেই শান্তি পরিকল্পনা মেনে কয়েকটি শহর থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানকে জানালেও বিরোধী পক্ষ বলছে, বিভিন্ন জায়গায় সরকারি বাহিনীর গুলিবর্ষণ এখনো চলছে।
উত্তরাঞ্চলে আলেপ্পো প্রদেশের দুইটি গ্রামে সিরীয় সেনারা হামলা করছে এবং বিদ্রোহীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে লড়াই চলছে। রাজধানী দামেস্কের কাছেও বিদ্রোহীর সঙ্গে লড়ছে সিরীয় বাহিনী।
দামেস্ক থেকে ১২ কিলোমিটার দূরে দোমা থেকে বিস্ফোরণ ও মেশিনগানের গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
সিরিয়ার বিরোধী পক্ষ ব্রিটিশ ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস’ জানায়, সেনা প্রত্যাহার না করে সরকারি বাহিনী দুমায় সামনে এগুচ্ছে।
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বৃহস্পতিবারের লড়াইয়ে ১৪ সেনাসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে। এর মধ্যে ১৬ জন হোমসে এবং ১৪ জন ইদলিব প্রদেশে নিহত হয়েছে বলে জানায় তারা।
অ্যালেপ্পোর বাইরে আন্দোলনকর্মীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ৫ টি ট্যাংক এবং সাজোঁয়া যান ভারী মেশিনগানের গুলি ছুড়তে ছুড়তে একটি গ্রামের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।
আনানের মুখপাত্র আহমেদ ফৌজি এর আগে জেনেভায় জানান, সিরিয়া কর্তৃপক্ষ তাদেরকে বলেছে যে, কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া শুরু করেছে তারা। বিশেষত দেরা, ইদলিব এবং জাবাদানি থেকে।
তবে বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান ফৌজি।
ওদিকে, লেবানন সীমান্তের জাবাদানি শহর থেকে এক বিরোধীকর্মী আবু মুস্তফা ফোনে জানান, “সিরিয়া সরকার পুরোপুরি মিথ্যা কথা বলছে। কোনো সেনা প্রত্যাহার করা হয়নি। তারা এখনো শহরের কেন্দ্রস্থলে অবস্থান করছে। তারা সকালেই শহরে গুলিবর্ষণ করেছে। যেমনটি তারা প্রতিদিনই করে।”
তিনি বলেন, সেনাবাহিনী বুধবার কেবল ১৫ টি ট্যাংক সরিয়ে নিয়েছে। বাদবাকী সব ট্যাংকই যথারীতি তল্লাশিচৌকিগুলোতে রয়ে গেছে।
প্রায় এক সপ্তাহ আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতিসংঘ-আরব লিগ প্রতিনিধি কফি আনান প্রস্তাবিত ছয়দফা শান্তি পরিকল্পনা গ্রহণ করলেও চলমান লড়াইয়ের ফলে তা অমান্য করারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
শান্তি প্রচেষ্টায় কফি আনানের দূত ইতোমধ্যে সিরিয়া পৌঁছলেও সহিংসতা থামার কোনো লক্ষণ আদৌ দেখা যাচ্ছে না।
আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্রবিরতিতে যাওয়ার কথা রয়েছে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের। সিরিয়াজুড়ে এ অস্ত্রবিরতি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।
কফি আনান নরওয়ের সেনাবাহিনীর সাবেক চীফ অব স্টাফ মেজর জেনারেল রবার্ট মুডকে শান্তি মিশনের অগ্রবর্তী একটি দল নিয়ে সিরিয়া যাওয়ার নির্দেশ দেন। মুড এর আগে মধ্যপ্রাচ্যে জাতিসংঘ শান্তি মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আনানের মুখপাত্র আহমেদ ফৌজি জানান, সিরিয়ায় অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করতে জাতিসংঘের প্রাই আড়াই শ’ নিরস্ত্র কর্মকর্তা সিরিয়া যাবেন। তাদের যাওয়ার পরিবেশ তৈরি করতেই মুডকে সিরিয়ায় পাঠানো হয়েছে।
এ ধরনের কোনো দল কোথাও পাঠাতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগে বলেও জানান তিনি।
কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ছয় দফার একটি হচ্ছে ১০ এপ্রিলের মধ্যে সেনা প্রত্যাহার ও এর ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্রোহীদের সঙ্গে অস্ত্রবিরতি করা।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আনানের শান্তি পরিকল্পনায় রাজি হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে শহরগুলো থেকে ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন আনান।
সিরিয়া সরকার ইতোমধ্যে সেনা সরানোর প্রক্রিয়া শুরুর কথা জানালেও বিরোধীরা বলছে, দমনাভিযান বন্ধের কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় সিরিয়াজুড়ে অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।
গত বছর মার্চে সিরিয়ায় শুরু হওয়া সরকারবিরোধী গণআন্দোলন ধীরে ধীরে সশস্ত্র সংগ্রামে রূপ নিয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, সিরিয়ার সরকারি বাহিনীর দমনপীড়নে দেশটিতে ৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৩ঘ.
bdnews24