২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আইসিসি

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে বিচারের জন্য অতিসত্বর হস্তান্তরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 09:21 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

আমস্টারডাম/ত্রিপোলি, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে বিচারের জন্য অতিসত্বর হস্তান্তরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসি বুধবার এ নির্দেশ দেয়। তবে সাইফ আল ইসলামের বিচার এখনও তারা করতে চায় বলে জানিয়েছে লিবিয়ার নতুন শাসকেরা। সাইফকে হস্তান্তরে বিলম্ব বিষয়ে লিবিয়ার অনুরোধ খারিজ করে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে বাধ্যবাধকতার কারণে বিলম্ব না করে অতিসত্বর তাকে হস্তান্তরে নির্দেশ দিয়েছে।’ লিবিয়ায় সাইফের ন্যায় বিচার পাওয়ার বিষয়ে মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে আইসিসিও উদ্বেগ জানিয়েছে। গত বছর লিবিয়ার শাসক গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর বেদুইনের ছদ্মবেশে থাকা সাইফকে সাহারা মরুভূমি থেকে আটক করা হয়। লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন চলাকালীন মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গত বছর জুনে সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে গাদ্দাফির উত্তরাধিকার হিসেবে মনে করা সাইফকে লিবিয়াতেই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দেশটির নতুন শাসকেরা। লিবিয়ার বিচার ব্যবস্থায় দোষী সাব্যস্ত হলে সাইফকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। আর আন্তর্জাতিক অপরাধ আদালত সাইফকে কারাদণ্ডে দণ্ডিত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১৭ ঘ.