ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গ্রিসে পার্লামেন্টের বাইরে মাথায় গুলি করে এক অবসরভাতাভোগী আত্মহত্যা করার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী এথেন্সে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা।
পার্লামেন্ট ভবনের সামনে সমবেত বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
বুধবার এথেন্সের সিয়ান্তাগমা চত্বরে ৭৭ বছর বয়সী ওই ব্যক্তি আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কারণ হিসেবে তিনি সরকারের অবসরভাতা কমানোর কথা লিখে রেখে গেছেন বলে গ্রিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
এ ঘটনার কয়েক ঘণ্টা পরই সন্ধ্যায় শ’ শ বিক্ষোভকারী ঘটনাস্থলে জড়ো হয়। তারা পুলিশের ওপর পেট্রোল বোমা ছুড়ে মারলে পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ে। ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ঋণ জর্জরিত গ্রিস ব্যয় সঙ্কোচন বিল পাশ করার পর হতাশা থেকে আত্মহত্যার হার বাড়ছে দেশটিতে।
গ্রিস সরকার আত্মহত্যাকারীকে শনাক্ত না করলেও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার নাম দিমিট্রিস ক্রিস্টুলাস। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত এক রসায়নবিদ। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। ১৯৯৪ সালে নিজের ফার্মেসী বিক্রি করে দেন দিমিট্রিস।
তার আত্মহত্যাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস।
এতে আরও বলা হয়েছে, “আমাদের সমাজের এ ক্রান্তিকালে সবারই উচিত ওইসব উদ্বিগ্ন মানুষের পাশে দাঁড়ানো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৯ঘ.
bdnews24