ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাথার দাম ১ কোটি ডলার ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা করেছেন পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং ভারতের মুম্বাইয়ে বোমা হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাঈদ।
যুক্তরাষ্ট্র মঙ্গলবার হাফিজকে ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে। এ ঘোষণাকে অত্যন্ত দুঃখজনক, উদ্ভট এবং অবিবেচনাপ্রসূত বলে নিন্দা করেছেন হাফিজ।
তিনি বলেন, এ ধরনের পুরস্কার সাধারণত যারা গুহা কিংবা পাহাড়পর্বতে বাস করে তাদের ক্ষেত্রেই ঘোষণা করা হয়ে থাকে।
কিন্তু তিনি পলাতক নন কিংবা পর্বতেও লুকিয়ে নেই- ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে হাফিজ একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
লাহোরের ঘাঁটি থেকে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হাফিজের অবাধ বিচরণ। বর্তমানে তিনি লস্করের অগ্রভাগে থাকা দাতব্য সংগঠন জামাত উদ দাওয়ার প্রধান।
২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে বোমা হামলার জন্য লস্কর-ই-তৈয়বাকে দায়ী করা হয়ে আসছে। কিন্তু অকাট্য কোনো প্রমাণ ছাড়া লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করে আসছে পাকিস্তান সরকার।
মুম্বাই হামলার পর পাকিস্তান হাফিজসহ লস্করের ঊর্ধ্বতন নেতাদের গ্রেপ্তার করলেও পরে আপিলের ভিত্তিতে তাদের মুক্তি দেয়।
বুধবার এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে হাফিজ অভিযোগ করে বলেছেন, আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের জন্য পাকিস্তানের মধ্য দিয়ে রসদ সরবরাহ রুট খুলে দেওয়ার বিরোধিতা করার কারণেই তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ওই পুরস্কার ঘোষণা করেছে।
পাক-আফগান সীমান্তে মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনার জেরে গত নভেম্বরে ন্যাটো সেনাদের রসদ সরবরাহ রুট বন্ধ করে দেয় ইসলামাবাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০৪৬ঘ.
bdnews24