বৈরুত, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন নিয়ে আলোচনা করতে জাতিসংঘ অগ্রবর্তী দল দামেস্কে যাওয়ার আসন্ন মুহূর্তেও সিরিয়ায় গত ২৪ ঘণ্টায় তুমুল লড়াইয়ে অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকর্মীরা।
যুদ্ধবিরতির জন্য সিরিয়াকে ১০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এতে সিরিয়া রাজি হলেও সহিংসতা বন্ধ করেনি।
২৭ মার্চ কফি আনান প্রস্তাবিত শান্তি প্রস্তাবে রাজি হওয়ার পর থেকে সিরিয়ায় ২৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবারও সিরিয়ায় সহিংসতায় ৫৮ বেসামরিক নাগরিক ও ১৮ সেনা নিহত হয়েছে। এর মধ্যে ২০ জনই নিহত হয়েছে হোমস শহরে। ইদলিবে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত হয়েছে ২০ বেসামরিক নাগরিক ও ৭ সেনা।
জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, “যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ১ এপ্রিল থেকে উৎসাহব্যঞ্জক কিছু হচ্ছে না এবং আমার মনে হয় অনেক দেশই একথা বলবে।”
তিনি আরো জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আগমী সাতদিনও সহিংসতা অব্যাহত রাখলে নিরাপত্তা পরিষদকে গুরুত্বের সাথে জরুরি ভিত্তিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সিরিয়ার সরকার ব্যবস্থা পরিবর্তনে পশ্চিমাদের আহ্বানের বিরুদ্ধে আসাদ সরকারকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ রাশিয়ার আগ্রহের ওপরই নির্ভর করছে কফি আনানের শান্তি প্রচেষ্টার সাফল্য-ব্যর্থতা।
শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আসাদ সরকারের প্রতি রাশিয়ার চাপ অব্যাহত থাকলেই কেবল সফল হতে পারে কফি আনানের প্রচেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯২১ঘ.
bdnews24