ডারউইন, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনার আওতায় মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছেছে প্রায় ২শ’ মার্কিন মেরিন সেনার দল।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াতে ডারউইনের একটি ঘাঁটিতে আড়াই হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনা অনুসারেই প্রথম দফায় মঙ্গলবার দু\\\\\\\'শো মেরিন সেনা অস্ট্রেলিয়া গেল।
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সেনা প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে গত বছর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড একটি চুক্তি সই করেন। এ চুক্তির আওতায়ই অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা পাঠানো হল।
মার্কিন মেরিন কোরের এক মুখপাত্র জানান, এ মেরিন সেনারা অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেবে। এছাড়া মহড়া ও প্রশিক্ষণের জন্য তারা ওই অঞ্চলের অন্য দেশগুলোতেও যাবে।
ইন্দোনেশিয়া থেকে ৮২০ কিলোমিটার দূরে অবস্থিত ডারউইনে মোতায়েন এ মেরিন সেনারা দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং মানবিক কার্যক্রমেও তৎপর থাকবে।
দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। ফলে অস্ট্রেলিয়ায় মার্কিন সেনা উপস্থিতি চীনের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ওই এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে যুক্তরাষ্ট্র চীনকে চারদিক থেকে ঘিরে ফেলছে এবং বিশ্বশক্তি হিসাবে চীনের উত্থান রুখে দিতে চাইছে বলে আশঙ্কা বেইজিংয়ের।
তবে যুক্তরাষ্ট্র এমন শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, চীনকে কোণঠাসা করা তাদের লক্ষ্য নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৮ঘ.
bdnews24