ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়েবসাইটের মাধ্যমে নিউ ইয়র্কে হামলার বিভিন্ন হুমকিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে মার্কিন আইন প্রয়োগকারী ও সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা।
স¤প্রতি আল কায়েদার হুমকিসহ একটি গ্রাফিক্স ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন কর্মকর্তারা।
আল কায়দার সঙ্গে এসব ওয়েবসাইটের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও মনে করা হচ্ছে। মঙ্গলবার এনডিটিভি এ তথ্য জানায়।
আনসার আল মুজাহিদিন অ্যারাবিক ফোরাম (এএমএএফ) নামক ওয়েবসাইটে সোমবার ছবিসহ একটি গ্রাফিক্স প্রকাশিত হয়। ‘আল কায়দা শিগগিরই আবার নিউ ইয়র্কে আসছে’- ছবির সঙ্গে এমন ক্যাপশনও ছিলো।
আফগান তালেবান ও জর্ডানের প্রধান এক জঙ্গি নেতার সঙ্গে জঙ্গিবাদী এ ওয়েব ফোরামের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ রয়েছে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)’র নিউ ইয়র্ক কার্যালয়ের এক মুখপাত্র বলেন, ওয়েবসাইটে প্রকাশিত বিষয়ের সত্যতা যাচাই করছে যৌথ সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স।
নিউ ইয়র্কের প্রতি নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য কোনো হুমকি না থাকলেও সব ধরনের হুমকিই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচেছ বলেও জানান তিনি।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রধানের মুখপাত্র পল ব্রাউনি জানান, আরবি ভাষার আল কায়েদা ফোরামে প্রকাশিত গ্রাফিক্সের উৎস ও গুরুত্ব বিবেচনা করছেন কর্মকর্তারা।
আনুষ্ঠানিকভাবে আল কায়েদা ফোরাম হিসেবে পরিচিত শামুখ ও আল ফিদা নামের ওয়েবসাইট দুটির ব্যবহার নিয়ে সরকারি সংস্থাগুলো সচেতন রয়েছে বলেও মার্কিন এক কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪২ ঘ.
bdnews24