নমপেন, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উপনির্বাচন খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সিয়েন। রোববার অনুষ্ঠিত পার্লামেন্টের ৪৫টি আসনের উপনির্বাচনে বিরোধী দল বিশাল জয় পেয়েছে।
মঙ্গলবার কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান নেতাদের সম্মেলনের সময় মিয়ানমারের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “খুবই সফলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।”
উপনির্বাচনের পর ভোট সম্পর্কে এই প্রথম মন্তব্য করলেন থান শয়ে। পার্লামেন্টের খালি আসনগুলোতে রোববার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’ (এনএলডি) বিশাল জয় পেয়েছে। এ জয়কে জনগণের বিজয় বলে মন্তব্য করেছেন সু চি।
পার্লামেন্টের ৪৫ টি আসনের মধ্যে উপনির্বাচনে সু চির দল ৪০টি আসনে জয়ী হয়েছে বলে ঘোষণা করেছে মিয়ানমারের নির্বাচন কমিশন।
তবে এখনও পার্লামেন্টের ৬৬৪টি আসনের মধ্যে প্রেসিডেন্ট থান শয়ের ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি) বেশির ভাগ আসনের অধিকারী। ২০১০ সালে মিয়ানমারে নির্বাচনের সময় সু চি বন্দি ছিলেন এবং এনএলডি ওই নির্বাচন বর্জন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৪ঘ.
bdnews24