২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওবামাকে হত্যার পরিকল্পনা ছিল ব্রেইভিকের’

নরওয়ের গণহত্যাকারী আন্দ্রেস বেরিং ব্রেইভিক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে যাওয়ার সময় ওবামাকে গাড়িবোমায় হত্যা করার ইচ্ছে ছিল তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 03:51 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের গণহত্যাকারী আন্দ্রেস বেরিং ব্রেইভিক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে যাওয়ার সময় ওবামাকে গাড়িবোমায় হত্যা করার ইচ্ছে ছিল তার। দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি সোমবার এ খবর জানায়। গত বছরের জুলাইয়ে অসলোতে ওই ধরনের পরিকল্পিত হামলা চালায় ওই গণহত্যাকারী। একটি সরকারি ভবনের সামনে প্রথমে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে নিকটস্থ উতোয়া দ্বীপের চলা যুব বয়সীদের এক ক্যাম্পে এলোপাতাড়ি গুলি চালায় ব্রেইভিক। এতে ৭৭ জন নিহত হয়। পুলিশকে ব্রেইভিক জানায়, নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সে প্রতীকী ঘটনা হিসেবে বোমা হামলা চালাতে চেয়েছিল। কেননা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ এই অনুষ্ঠানটি দেখছিল। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এতোই কঠোর ছিল যে, অসলোর সিটি হলে, যেখানে অনুষ্ঠানটি হচ্ছিল সেখানে বোমা নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ওই গণহত্যাকারী আরো জানায়, আল কায়েদার কাছ থেকেই বোমা হামলার এই কৌশলের বিষয় সম্পর্কে তিনি অনুপ্রাণিত হয়েছেন। আগামী ১৬ এপ্রিল থেকে ব্রেইভিকের বিচার শুরু হতে যাচ্ছে। ৭৭ জনকে হত্যার কথা ইতোমধ্যে সে স্বীকার করলেও এর ‘প্রয়োজন ছিল’ বলে মন্তব্য করেছেন তিনি। পশ্চিমা বিশ্বের সঙ্গে ইসলামের যুদ্ধের ব্যাপারে দেশের নেতৃত্বকে সতর্ক করতেই ওই হামলা চালানো হয় বলে ব্রেইভিক দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪৬ ঘ.