অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের অকল্যান্ডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের গুলিতে অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
সোমবার অকল্যান্ডের ওইকোস বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। গুলি করার আগে ঘাতক ছাত্রটি তার সাবেক সহপাঠীদের উদ্দেশে চিৎকার করে বলে, “লাইনে দাঁড়াও, আমি তোমাদের সবাইকে হত্যা করবো।”
এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ছাত্রটিকে বিশ্ববিদ্যালয়টি থেকে কয়েক মাইল দূরে একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে একজন এশিয়ান বলে জানিয়েছে পুলিশ।
গত পাঁচ বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে সবচেয়ে বড় প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা।
গুলিবর্ষণকারী বন্দুকধারী ওই বিশ্ববিদ্যালয়ের নার্সিংয়ের ছাত্র ছিল বলে খ্রিস্টান ধর্মীয় ওই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, যাজক জং কিম অকল্যান্ডের ট্রিবিউন সাংবাদপত্রকে জানিয়েছেন।
তবে ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে আর নিয়মিত ছিল না।
কী কারণে সাবেক সহপাঠীদের হত্যা করলো ছাত্রটি সে বিষয়ে অকল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
মাত্র এক মাস আগেই যুক্তরাষ্ট্রের ওহিওতে অপর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এক ছাত্রের গুলিবর্ষণের ঘটনায় তিন ছাত্র নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯০২ ঘ.
bdnews24