২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নতুন যুগের প্রত্যাশায় সু চি

মিয়ানমারের উপনির্বাচনে জয়ের মধ্য দিয়ে ‘নতুন যুগ’ শুরুর আশা প্রকাশ করেছেন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। নির্বাচন কমিশন সোমবার উপনির্বাচনে সু চির দলের বিশাল জয় ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

মিয়ানমার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের উপনির্বাচনে জয়ের মধ্য দিয়ে ‘নতুন যুগ’ শুরুর আশা প্রকাশ করেছেন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। নির্বাচন কমিশন সোমবার উপনির্বাচনে সু চির দলের বিশাল জয় ঘোষণা করেছে। (আরো তথ্যসহ-১) রাষ্ট্র পরিচালিত এমআরটিভি’তে এক ঘোষণায় ইউনিয়ন নির্বাচন কমিশন ‘ইউইসি’ জানায়, সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) রোববারের ভোটে পার্লামেন্টের ৪৫ টি আসনের মধ্যে ৪০ টি আসনে জিতেছে। আর পার্লামেন্টের নিুকক্ষে একটি আসন পাচ্ছেন সু চি। নির্বাচনে এ বিজয়কে ‘মানুষের জয়’ অ্যাখ্যা দিয়েছেন সু চি। ইয়াঙ্গুনে এনএলডি’র সদর দপ্তরের বাইরে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, “এ বিজয় আমাদের নয়, জনগণের জয়। যারা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় শামিল হওয়ার তাগিদ থেকে তাদের রায় দিয়েছে। আমরা একে নতুন যুগের সূচনা বলেই প্রত্যাশা করছি। যেখানে দেশের নিত্যদিনের রাজনীতিতে অনেক বেশি করে গুরুত্ব পাবে জনগণের ভূমিকা।” এখন অন্য দলগুলোর সঙ্গে সমন্বয় করাই তার দলের প্রধান লক্ষ্য বলে জানান সু চি। তিনি বলেন, “দেশে প্রকৃত গণতান্ত্রিক আবহ তৈরিতে নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দল আমাদেরকে সহযোগিতা করবে বলেই আমরা আশা করছি।” দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বিদ্রোহী তৎপরতার অবসান ঘটানো, ২০০৮ সালের সংবিধান সংশোধন করাকেই অগ্রাধিকার দেবেন বলে জানান সু চি। মিয়ানমারে রাজনৈতিক সংস্কারের অগ্নিপরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে সদ্য হয়ে যাওয়া এ উপনির্বাচনকে। সোমবার এনএলডি মনোনয়ন দেওয়া সব আসনেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছে বলে জানায়। ঐতিহাসিক এ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো সদস্য হিসেবে মিয়ানমারের পার্লামেন্টে প্রবেশের সুযোগ পাচ্ছেন সুচি। ইয়াঙ্গুনের বাইরে ইরাবতী বদ্বীপের কহ্মু আসন থেকে সু চি নির্বাচিত হন। ওদিকে, রাজধানী নিপিধোতে এনএলডি জয় পায় ৪ টি আসনে। যেখানের অধিবাসীদের বেশিরভাগই সামরিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী। তবে নির্বাচনে বড় ধরনের জয় পেলেও মিয়ানমারের পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানেই থাকবে এনএলডি। পার্লামেন্টের নিুকক্ষে এনএলডি’র ৩৫ আসন এবং ৩ টি সিনেট আসন উভয়কক্ষের মোট ৬৬৪ আসনের ৬ শতাংশেরও কম। যদিও সু চি গুরুত্বপূর্ণ ভূমিকায়ই থাকছেন বলে প্রত্যাশা। সোমবার এনএলডি’র জয়ের ঘোষণায় কোনো প্রতিক্রিয়া জানায়নি সামরিক জান্তা প্রতিষ্ঠিত দল ‘ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি)। তবে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে। নির্বাচনে তেমন কোনো জালিয়াতি দেখেননি বলে রয়টার্সকে জানান তারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সোমবার এক বিবৃতিতে বলেছে, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছভাবেই অনুষ্ঠিত হয়েছে বলে মনে করে তারা। আর সে কারণে মিয়ানমারের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা-ভাবনা করারও আহ্বান জানায় আসিয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৫ ঘ.