২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক অবরোধের মুখে মালির জান্তা নেতারা

সামরিক অভ্যুত্থান কবলিত মালির জান্তা নোতাদেরকে ক্ষমতা থেকে সরাতে অর্থনৈতিক অবরোধ আরোপের চিন্তাভাবনা করছে প্রতিবেশী দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক অভ্যুত্থান কবলিত মালির জান্তা নোতাদেরকে ক্ষমতা থেকে সরাতে অর্থনৈতিক অবরোধ আরোপের চিন্তাভাবনা করছে প্রতিবেশী দেশগুলো। এ নিয়ে সোমবার বৈঠকে বসছে পশ্চিমা আফ্রিকার রাষ্ট্রগুলোর জোট ‘ইকোয়াস’। ক্ষমতা দখলকারী সেনাদের ছাউনিতে ফিরতে বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর এ বৈঠকে বসছে তারা। ১০ দিন আগে ২২ মার্চ ক্ষমতাসীন সরকারকে উচ্ছেদ করে দেশটির ক্ষমতা দখল করে সেনা সদস্যরা। এর প্রতিক্রিয়ায় আঞ্চলিক জোট ইকোয়াসের পক্ষ থেকে স্থলবেষ্টিত দেশ মালির সব সীমান্ত বন্ধ করাসহ সম্পদ জব্দ ও ঋণ স্থগিত করার হুমকি দেওয়া হয়। তিনদিন আগে বেসামরিক প্রসাশনের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সামরিক জান্তাকে ৭২ ঘন্টা সময়সীমা বেঁধে দেয় ইকোয়াসের সদস্য রাষ্ট্রগুলো। রোববার মধ্যরাতে ওই সময়সীমা পার হয়। ইকোয়াসের চাপে, অভ্যুত্থানের নেতা সেনাবাহিনীর ক্যাপ্টেন আমাদোউ সানোগো বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি পুনরোল্লেখ করেন। তবে কবে নাগাদ ক্ষমতা হস্তান্তর করবেন সেটি পরিষ্কার করে জানাননি। ইকোয়াসের সভাপতি আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারা জানিয়েছেন, সাংবিধানিক শাসনে ফিরে যাওয়ার প্রতিশ্র“তি দেওয়ার জন্য মালির অভ্যূত্থান নেতা ক্যাপ্টেন সানোগোর সঙ্গে কথা বলে তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন। এরপরও ইকোয়াসের নিষেধাজ্ঞার হুমকি বলবৎ আছে কিনা তা অবশ্য জানাননি ওয়াত্তারা। সেনেগালের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ওয়াত্তারা বলেন, “যত দ্রুত সম্ভব অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মালিতে সাংবিধানিক শাসন ফিরিয়ে আনা হবে।” এর আগে তিনি জানিয়েছিলেন, “মালির বিষয়ে ইকোয়াসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” এর আগে মালিতে একটি নতুন সংবিধান চালু করার ঘোষণা দিলেও রোববার ক্যাপ্টেন সানোগো বলেছেন, তিনি ১৯৯২ সালের সংবিধানেই ফিরে যাবেন। একটি স্বচ্ছ, আবাধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মালির রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করছেন বলেও দাবি করেন সানোগো। নির্বাচনে সামরিক বাহিনী অংশগ্রহণ করবে না বলেও প্রতিশ্র“তি দেন তিনি। ইকোয়াসের নেতারা প্রচন্ড চাপ সৃষ্টি করার পরই সানোগোর সুর নরম হয়ে এসেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। এদিকে, তুয়ারেগ বিদ্রোহীরা মালির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নিয়েছে। লিবিয়া থেকে ফিরে আসা যোদ্ধারা যোগ দেওয়ায় পর তুয়ারেগ বিদ্রোহীদের শক্তি বৃদ্ধিতে রোববার তারা প্রায় বিনা বাধায় মালির ঐতিহাসিক শহর টিম্বাকটু দখল করে নেয়। তিন দিনের মধ্যে এটি দেশটির উত্তরের তৃতীয় শহর যা বিদ্রোহীরা দখল করে নিল। তুয়ারেগ বিদ্রোহীদের মোকাবেলায় সরকারের অব্যবস্থাপনার অভিযোগে মালির ক্ষমতা দখল করে নিয়েছিলো সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর বিদ্রোহীদের কাছে প্রায় পুরো উত্তর মালির নিয়ন্ত্রণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২০ঘ.