ইয়াঙ্গুন, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের উপনির্বাচনে মানোনয়ন দেওয়া সব আসনে বিজয় দাবি করেছে গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি)।
সোমবার এনএলডি জানিয়েছে, উপনির্বাচনের ৪৫ টি আসনের মধ্যে এনএলডির মনোনয়ন দেওয়া ৪৪টি আসনের সবগুলোতেই জয়ী হয়েছেন তাদের প্রার্থীরা। ৪৫টি আসনের মধ্যে একটিতে কোনো প্রার্থী দেয়নি এনএলডি।
ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো সদস্য হিসেবে মিয়ানমারের পার্লামেন্টে প্রবেশের সুযোগ পাচ্ছেন সুচি। ইয়াঙ্গুনের বাইরে ইরাবতী বদ্বীপের কহ্মু আসন থেকে সুচি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে এনএলডি।
“এ পর্যন্ত আমাদের নিজস্ব সূত্রগুলো থেকে পাওয়া খবর অনুযায়ী এনএলডির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করা ৪৪টি আসনের সবগুলোতেই বিজয়ী হয়েছে। নির্বাচন কমিশন দ্রুতই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে বলে আমি আশা করছি,” বলেন এনএলডির প্রচার কর্মকর্তা নাইয়ান উয়িন।
এনএলডির দাবি করা আসনগুলোতে জয় যদি নিশ্চিত হয় তাহলে রাজধানী নাইপাইতোর চারটি আসনে বিজয়ী হয়েছে দলটি। সাবেক সামরিক সরকারের তৈরি করা এই নতুন রাজধানী শহরটির অধিকাংশ বাসিন্দাই সরকারি কর্মজীবী বা সামরিক ব্যক্তিত্ব।
উপনির্বাচনের ফলাফল নিয়ে এনএলডির এই দাবির বিষয়ে পার্লামেন্টের বৃহত্তম রাজনৈতিক দল ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)’র কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপনির্বাচনে ৪৪টি আসনে এনএলডির বিজয়ের পরও পার্লামেন্টে ইউএসডিপি’র সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণœ থাকবে।
মিয়ানমার পার্লামেন্টের ৬৬৪ আসনের ৪৪টিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
রোববার ভোট গ্রহণ শেষে দেওয়া এক বিবৃতিতে সুচি এনএলডির কর্মীদের অন্য দলের কর্মীদের প্রতি সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।
“এই মুহূর্তে এনএলডির কর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাস প্রকাশ করবে এটা খুব স্বাভাবিক। তবে অন্য কোনো দলের সদস্যরা কষ্ট পায় এমন কোনো কাজ বা আচরণ করা থেকে নিজেদের সামলে রাখাটাও জরুরি। জনগণের এই বিজয়ের মর্যাদা রক্ষা করা এনএলডির কর্মীদের বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব,” বিবৃতিতে বলেন সুচি।
মিয়ানমারের নির্বাচন কমিশন এখনো ভোটের ফল নিশ্চিত করে জানায়নি। আর সুচিও তার জয়ের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২০ ঘ.
bdnews24