ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে মাত্র ১ ডলারে টিকেট কিনে ৬৪ কোটি ডলার জয়ের লটারিতে তিন জন বিজয়ী হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এখন পর্যন্ত ম্যারিল্যান্ড, কানসাস ও ইলিনয়ে মেগা মিলিয়নস জ্যাকপট বিজয়ী তিনটি টিকেটের নম্বর পাওয়া গেছে বলে জানিয়েছেন লটারির আয়োজকরা। অন্য স্টেটের কেউ লটারিতে বিজয়ী হয়েছেন কি না এখন তা জানার অপেক্ষায় রয়েছেন তারা।
আর কোনো বিজয়ী পাওয়া না গেলে ৬৪ কোটি ডলার এই তিন বিজয়ীর মধ্যে ভাগাভাগি হবে।
শুক্রবার রাতে আটলান্টায় ড্র হয় মেগা মিলিয়নস জ্যাকপট লটারির। এবারের জ্যাকপট বিজয়ী নম্বর ৪৬, ২৩, ৩৮, ৪, ২ এবং মেগাবল ২৩।
গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের ৪২টি স্টেটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কেনে মানুষ।
মেগা মিলিয়নস জ্যাকপটের নিয়ম হলো- এক ডলারে টিকেট কিনে প্রত্যেককে ১ থেকে ৫৬-এর মধ্যে মোট পাঁচটি সংখ্যা বেছে নিতে হয়; একইসঙ্গে ১ থেকে ৪৬ এর মধ্যে ষষ্ঠ নম্বরটি বেছে নিতে হয়। ড্রয়ের দিন যার ছয়টি সংখ্যাই মিলে যায় তিনি হন জ্যাকপট বিজয়ী। ২৬টি বার্ষিক কিস্তিতে তিনি এই অর্থ নিতে পারেন। আবার একবারেও তুলে নিতে পারেন পুরস্কারের পুরো অর্থ।
পাঁচটি সংখ্যা যাদের মেলে তারাও পুরস্কৃত হন।
ক্যালিফোর্নিয়া লটারি কমিশনের এক মুখপাত্র জানান, ওই স্টেটে টিকেট ক্রেতাদের ২৩ জন পাঁচটি সংখ্যা মেলাতে পেরেছেন। এরা পাবেন এক লাখ ২৫ থেকে ৩০ হাজার ডলার।
নিয়ম অনুযায়ী, কোনো ড্রয়ে বিজয়ী পাওয়া না গেলে পুরস্কার যোগ হয় পরের লটারির সঙ্গে।
২০০২ সাল থেকে চলে আসা এই লটারির শুরুটা ছিল এক কোটি ২০ লাখ ডলারের। তখন ওই অর্থকেই ‘মেগা জ্যাকপট’ নাম দিয়েছিলেন আয়োজকরা। টানা কয়েকটি ড্রয়ে বিজয়ী না পাওয়ায় এর আগে ২০০৭ সালে একবার পুরস্কারের পরিমাণ দাঁড়িয়েছিল ৩৯ কোটি ডলারে।
আর এবার গত ২৪ জানুয়ারি থেকে টানা ১৮টি ড্রয়ে কেউ পাঁচটি সংখ্যা মেলাতে না পারায় পুরস্কার দাঁড়ায় ৬৪ কোটি ডলারে।
এবার দেড়শ কোটি ডলারের টিকেট কিনেছেন আমেরিকানরা।
ছয়টি সংখ্যা ঠিকঠাক অনুমান করতে পারলে যে টাকা পাওয়া যাবে, তাতে কেনা যাবে একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ, অথবা থাইল্যান্ডে একটি আস্ত দ্বীপ কিংবা ২০০ বুগাত্তি স্পোর্টস কার।
অবশ্য একজন লটারি ক্রেতার পক্ষে ওই সংখ্যা ছয়টি সঠিকভাবে অনুমান করতে পারার সম্ভবনা ১৭৬ কোটি বারের মধ্যে মাত্র একবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/পিডি/২০০৫ ঘ.
bdnews24