২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়া সরকারকে আগে যুদ্ধবিরতি করতে হবে’

জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় সিরিয়া সরকারকেই আগে যুদ্ধবিরতির নির্দেশ দিতে হবে। এ ব্যাপারে বিরোধীপক্ষ থেকে প্রথম কোনো পদক্ষেপের আশায় বসে থাকা যাবে না। শুক্রবার একথা বলেছেন আনানের মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 12:07 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

জেনেভা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় সিরিয়া সরকারকেই আগে যুদ্ধবিরতির নির্দেশ দিতে হবে। এ ব্যাপারে বিরোধীপক্ষ থেকে প্রথম কোনো পদক্ষেপের আশায় বসে থাকা যাবে না। শুক্রবার একথা বলেছেন আনানের মুখপাত্র। মুখপাত্র আহমেদ ফৌজি জেনেভায় এক সাংবাদ সম্মেলনে বলেন, “আমরা এ শান্তি পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন আশা করি। আর এখনই এর শেষ সময়।” কফি আনান প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনার মধ্যে আবাসিক এলাকা থেকে ভারী অস্ত্রশস্ত্র ও সেনা সরিয়ে নেওয়া, লড়াই বিধ্বস্ত এলাকগুলোতে জরুরি মানবিক ত্রাণ সরবরাহ, রাজবন্দীদের মুক্তি, অবাধ আন্দোলনের অধিকার ও সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফৌজি বলেন, “প্রস্তাবটি পড়লে দেখা যায়, এতে বিশেষত সরকারকে সেনা প্রত্যাহার করে নিতে বলা হয়েছে, জনবহুল এলাকায় ভারী অস্ত্রের ব্যবহার কমাতে বলা হয়েছে, আর এতেই এ বিষয়টি স্পষ্ট যে, সরকারকে আগে থামতে হবে। তারপর তারা অন্যপক্ষ কিংবা মধ্যস্থতাকারীর সঙ্গে বৈরিতার অবসান নিয়ে আলোচনা করবে।” সিরিয়া সরকারকে আগে যুদ্ধবিরতির পদক্ষেপ নেওয়ার এ আহ্বানে চীন ও রাশিয়ার সায় আছে কিনা জিজ্ঞেস করা হলে ফৌজি বলেন, তারা আনানের প্রস্তাবিত ছয়দফা শান্তি পরিকল্পনার সব ধারাকেই পরিপূর্ণভাবে সমর্থন করেছে। তিনি বলেন, “এখানে যুক্তিটা খুবই সহজ। আর তা হচ্ছে, আমরা শক্তিশালী পক্ষকেই বিশ্বস্ততার সঙ্গে ভালো পদক্ষেপ নেওয়ার এবং হত্যাযজ্ঞ বন্ধ করার আবেদন জানাচ্ছি। আর এমনটি ঘটলে বিরোধীপক্ষও একই পথ অনুসরণ করবে সে ব্যাপারে আমরা নিশ্চিত।” কিন্তু আসাদের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছে পশ্চিমা রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, আনানের শান্তি প্রস্তাব বাস্তাবায়নের জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেননি আসাদ। আসাদের পক্ষ থেকে শান্তি পরিকল্পনা গ্রহণ করার কথা জানানো হলেও সিরিয়ায় সহিংসতা এখনো চলছে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে বৃহস্পতিবারও অন্তত ১৫ জন নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনীর হাতে গত এক বছরে ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর সিরিয়া সরকার দাবি করেছে, বিদেশি সমর্থনপুষ্ট বিদ্রোহীরা সিরিয়ার ৩ হাজার সেনা ও পুলিশ সদস্যকে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২১৪৬ঘ.