ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থিসিসের বড় একটি অংশ নকল করার অভিযোগে হাঙ্গেরির প্রেসিডেন্ট পল স্মিটের ডক্টরেট ডিগ্রি মঙ্গলবার কেড়ে নিয়েছে বুদাপেস্টের সিমেলুয়েস বিশ্ববিদ্যালয়।
গত জানুয়ারি মাসে এ বিষয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসি জানায়।
বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি জানায়, ২১৫ পৃষ্ঠার এ থিসিসের ২শ’রও বেশি পৃষ্ঠায় অন্য কোনো থিসিসের সঙ্গে সামঞ্জস্য রয়েছে অথবা সরাসরি অনুবাদ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর বৈজ্ঞানিক নিয়মের এই লঙ্ঘণের নিন্দা জানিয়েছে।
প্রেসিডেন্ট পল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে তার প্রতি করা পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
ফিজিক্যাল এডুকেশন বিশ্ববিদ্যালয়ের একটি ডিগ্রির অংশ হিসেবে ১৯৯২ সালে পল এ থিসিস লেখেন। পরে তিনি তা সিমেলুয়েস বিশ্ববিদ্যালয়ে জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৫ ঘ.
bdnews24