বাগদাদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজি হয়েছেন বলে জানানোর পর এক জরুরি বৈঠকে বৃহস্পতিবার বাগদাদে সমবেত হয়েছেন আরব নেতারা।
শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সিরিয়ার ওপর চাপ সৃষ্টি করতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত বাগদাদে গত এক দশকেরও বেশি সময় পর এটিই প্রথম আন্তর্জাতিক শীর্ষ বৈঠক। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও বৈঠকে উপস্থিত থাকছেন।
সিরিয়ায় চলমান সহিংসতা সামাল দেওয়ার কৌশল নির্ধারণ নিয়ে আরব নেতারা বিভক্ত হয়ে পড়েছেন।
সৌদি আরব ও কাতার সিরিয়াকে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়, তারা সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পক্ষে অবস্থান নিয়েছে।
কিন্তু মধ্যপ্রাচ্যের বাইরের আরব রাষ্ট্র আলজেরিয়া ও ইরাক এ বিষয়ে আরো সাবধানতা অবলম্বনের পক্ষে। দেশদু’টির আশঙ্কা জোর করে আসাদকে সরানো হলে আন্তঃসম্প্রদায়গত হানাহানি শুরু হয়ে যেতে পারে।
কফি আনান প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনার মধ্যে আবাসিক এলাকা থেকে ভারী অস্ত্রশস্ত্র ও সেনাদের সরিয়ে নেওয়া, লড়াই বিধ্বস্ত এলাকগুলোতে জরুরি মানবিক ত্রাণ সরবরাহ, রাজবন্দীদের মুক্তি, অবাধ আন্দোলনের অধিকার ও সংবাদকর্মীদের তথ্য সংগ্রহের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরব লিগের যে কোন উদ্যেগ প্রত্যাখান করা হবে এবং আরব দেশগুলোর সঙ্গে আলাদ আলাদভাবে কাজ করা হবে বলে বুধবার জানিয়েছে সিরিয়া।
প্রেসিডেন্ট আসাদের পক্ষ থেকে শান্তি পরিকল্পনা গ্রহণ করার কথা জানানো হলেও সিরিয়ায় সহিংসতা এখনো চলছে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে বৃহস্পতিবারও অন্তত ১৩ জন নিহত হয়েছে।
সেনা ও নিরাপত্তা বাহিনীর ঘিরে রাখা খেরবেত গাজালেহ শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উত্তরাঞ্চলীয় হামা প্রদেশে এক সেনাবহরের ওপর চোরাগোপ্তা হামলায় ২ সেনা নিহত হয়েছে। ইদলিব প্রদেশে মারাত আল নুমান শহরের পূর্বে পল্লী এলাকায় সেনাবাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছে।
লেবানন সীমান্তের কাছে জাবাদানি শহরে সেনাদের সঙ্গে সিরীয় বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। দামেস্কের পল্লী এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং হাসরাতা শহরে হামলা বিধ্বস্ত বাড়িঘর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
সিরিয়ার সরকারি বাহিনীর হাতে গত এক বছরে ৯ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর সিরিয়া সরকার দাবি করেছে, বিদেশি সমর্থনপুষ্ট বিদ্রোহীরা সিরিয়ার ৩ হাজার সেনা ও পুলিশ সদস্যকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮০০ঘ.
bdnews24