২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়ানির সঙ্গে মার্কিন ও ন্যাটো সেনা কর্মকর্তাদের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান ও আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর কমান্ডার বুধবার পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 05:15 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ইসলামাবাদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান ও আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর কমান্ডার বুধবার পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছর নভেম্বরে ন্যাটো সেনাদের আন্তঃসীমান্ত হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এটাই দু’পক্ষের মধ্যে সর্বোচ্চ সামরিক পর্যায়ের বৈঠক। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাতের একদিন পরেই এ বৈঠক হল। গিলানির সঙ্গে বৈঠকে ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে পাকিস্তান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টিকে শ্রদ্ধা করবে বলে আশা প্রকাশ করেছেন ওবামা। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক ভবিষ্যতে কী হবে সে বিষয়ে জাতীয় নিরাপত্তা কমিটির একটি সুপারিশমালা পর্যালোচনা করে দেখছে পাকিস্তানি পার্লামেন্ট। পেন্টাগনের প্রেস সচিব জর্জ লিটল জানান, বুধবার পাকিস্তানি সেনাপ্রধান আশফাক কায়ানির সঙ্গে বৈঠক করেছেন সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল জেমস মাটিস ও আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর কমান্ডার জন অ্যালেন। তবে তিনি বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো সেনাদের রসদ নরবরাহ পথ খুলে দিক পাকিস্তান এটাই প্রত্যাশা মার্কিন কর্মকর্তাদের। গত বছর পাকিস্তান এ সরবরাহ পথ বন্ধ করে দেয়ায় রসদ সরবরাহে ব্যয় বেড়ে গেছে ন্যাটোর। লিটল বলেন, “পাকিস্তানে স্থল পথে রসদ সরবরাহের রাস্তা খুলে দেবে বলেই আমরা প্রত্যাশা করছি। আফগানিস্তানে আমাদের লড়াইয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ। বৈঠকের আগে পাকিস্তানি সেনাবাহিনী এ বিবৃতিতে জানায়, দু’পক্ষের এ বৈঠকে গত বছর ২৬ নভেম্বরের ওই আন্তঃসীমান্ত হামলা নিয়ে আলোচনাকে গুরুত্ব দেয়া হবে। তবে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদরদপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকের বিস্তারিত জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১০০ ঘ.