২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু চুল্লিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা

জাপানের সুনামি বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত চুল্লিগুলোর একটিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। পূর্বে যা অনুমান করা হয়েছিল তার চেয়ে চুল্লিটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের সুনামি বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত চুল্লিগুলোর একটিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। পূর্বে যা অনুমান করা হয়েছিল তার চেয়ে চুল্লিটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ফুকুশিমা পরমাণু প্রকল্পের কর্মীরা বিষয়টি জানিয়েছেন। বিবিসি অনলাইন খবরটি প্রকাশ করেছে। মঙ্গলবার ফুকুশিমা দাইচি পরমাণু প্রকল্পের দ্বিতীয় চুল্লিতে একটি তেজস্ক্রিয়া নির্ণায়ক প্রবেশ করানো হলে তেজস্ক্রিয়তার এই ভয়াবহ মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রাপ্ত তেজস্ক্রিয়তার পরিমাণ প্রাণনাশক মাত্রা থেকে দশগুণ বেশি পাওয়া গেছে। এছাড়া, চুল্লিটির ভেতরে গলিত পরমাণু জ্বালানি শীতলীকরণের জন্য ব্যবহার করা পানির পরিমাণও প্রত্যাশার তুলনায় অনেক কম পাওয়া গেছে। তবে ফুকুশিমা পরমাণু প্রকল্পের পরিচালনা কোম্পানি টেপকোর কর্মীরা জানিয়েছেন, পরমাণু প্রকল্পটি শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অন্য যে দুটি চুল্লি আগেই গলে গেছে, সেগুলোর নিবিড়ি পরীক্ষা এখনো বাকি । সেগুলোর অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয় চুল্লিটিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা পাওয়া গেলেও পরমাণু জ্বালানির শীতলীকরণে তা কোনো বাধা সৃষ্টি করবে না বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ( টেপকো)। ২০১১ সালের মার্চ মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানের এই পরমাণু প্রকল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার আগে জাপানের বিদ্যুৎ শক্তির প্রায় তিনভাগই পরমাণু শক্তি থেকে উৎপন্ন হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৪০ঘ.