এডেন, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের বন্দর শহর এডেন থেকে সৌদি আরবের ডেপুটি কন্সালকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা।
বুধবার বন্দুকধারীরা এডেনে নিজ বাসভবনের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে জানান ওই কর্মকর্তা।
অপহৃত সৌদি কূটনীতিকের নাম আবদুল্লাহ আল খালেদি। এডেনের মনসুরা এলাকার পুলিশের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসা থেকে বের হয়ে নিজ গাড়িতে ওঠার সময় বন্দুকধারীরা তাকে জোর করে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র অপহরণের ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, “বুধবার সকালে ঘটনাটি ঘটে। আমাদের দূতাবাস থেকে ইয়েমেনের সর্বোচ্চ নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে অপহরণের কারণ উদঘাটনের চেষ্টা করছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৭ঘ.
bdnews24