২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় শিশুদের ওপর হামলা হচ্ছে: নাভি পিল্লাই

সিরীয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে শিশুদের লক্ষ করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান নাভি পিল্লাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরীয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে শিশুদের লক্ষ করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান নাভি পিল্লাই। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সিরিয়ায় আটকে পড়া শত শত শিশুর ভাগ্য সম্পর্কে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি হতাশা প্রকাশ করে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি মাত্র নির্দেশ জারি করেই বেসামরিকদের হত্যা, বন্দি করা বন্ধ করতে পারেন। নাভি পিল্লাই আরো জানান, সিরীয় এ নেতার অনুগত বাহিনীর নিপীড়নের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার এই প্রধান আরো মনে করেন, সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর মতো যথেষ্ঠ নির্ভরযোগ্য তথ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হাতে রয়েছে। তিনি বলেন, “এ সহিংসতা বন্ধে তদন্ত ও বিচারই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় বলে আমি মনে করি।” মিসেস পিল্লাই আরো বলেন, “আসাদের মতো শাসকদের মেয়াদ অল্প সময়ের জন্য বেড়ে যাওয়ার নজির রয়েছে। তবে একদিন তাদের বিচারের মুখোমুখি হতেই হয়।” এদিকে সিরিয়ার উদ্দেশ্য নিয়ে সংশয় থাকলেও জাতিসংঘ ও আরব লিগ প্রতিনিধি কফি আনান উত্থাপিত শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছে দামেস্ক। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, আসাদকে তার গৃহীত পদক্ষেপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আসাদ আগেও প্রতিশ্র“তি ভঙ্গ করেছেন। এখন তাৎক্ষণিক পদক্ষেপের সঙ্গে তার প্রতিশ্র“তি মিলিয়ে দেখা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৯ ঘ.