ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পরমাণু সন্ত্রাসের হুমকিকে গুরুতর বলে বর্ণনা করেছেন বিশ্ব নেতারা। পরমাণু সন্ত্রাসবাদ রুখতে বিশ্ব স¤প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শেষে বিশ্ব নেতারা এ আহ্বান জানান বলে জানিয়েছে বিবিসি।
সম্মেলন শেষে ‘অরক্ষিত পরমাণু উপকরণ’ এর নিরাপত্তার জন্য এক যৌথ ইশতেহার গ্রহণের আহ্বান জানানো হয়।
পরমাণু সন্ত্রাসবাদের হুমকি ক্রমেই গুরুতর হয়ে উঠছে বলে সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক।
আর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রতিরোধই হবে এ সন্ত্রাস রোধের প্রধান চাবিকাঠি।
সম্মেলনের যৌথ ঘোষণায় পরমাণু নিরস্ত্রীকরণ, পরমাণু অস্ত্র বিস্তার রোধ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের দৃঢ় অঙ্গীকার করেন নেতারা।
এতে বলা হয়, আন্তর্জাতিক নিরাপত্তায় পরমাণু সন্ত্রাস এখনও সবচেয়ে ভয়াবহ হুমকি। এ হুমকি মোকাবেলায় জাতীয় পর্যায়ে শক্তিশালী পদক্ষেপ নেওয়াসহ আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন।
সম্মেলনে নেতারা পরমাণু সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা, পরমাণু উপকরণের সুরক্ষা ব্যবস্থা করা এবং পরমাণু উপকরণ পাচার রোধ করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
তবে সম্মেলন জুড়ে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের ঘোষণাই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে।
আগামী এপ্রিলে দূরপাল্ল¬ার রকেট উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে ‘আবহাওয়া’ উপগ্রহ পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
এ ঘোষণার বিরোধিতা করে ঘোষণাটিকে জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার এ ঘোষণা দূরপাল্ল¬ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার অজুহাত বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতারা ইরানের পরমাণু প্রকল্প নিয়েও আলোচনা করেন।
বিষয়টি নিয়ে রাশিয়া ও চীনা নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩১ঘ.
bdnews24