২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৃতুদণ্ডের হার বেড়েছে’

বিশ্বজুড়ে মৃতুদণ্ডের হার বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১১ সালের তথ্যের ভিত্তিতে তাদের বার্ষিক প্রতিবেদনে এই দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বজুড়ে মৃতুদণ্ডের হার বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১১ সালের তথ্যের ভিত্তিতে তাদের বার্ষিক প্রতিবেদনে এই দাবি করেছে। মঙ্গলবার প্রকাশিত মানবাধিকার সংস্থাটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের হার বাড়ার জন্য ইরাক, ইরান ও সৌদি আরবই বেশি দায়ী। তবে সারা বিশ্বে যে সংখ্যক মৃতুদণ্ড দেয়া হয় কেবল চীনেই একই সংখ্যক মৃত্যুদণ্ড দেয়া হয় বলে বিশেষভাবে বলা হয়েছে। আর রাষ্ট্রীয় গোপন বিষয় গণ্য করে মৃতুদণ্ডের তথ্য প্রকাশ করে না চীন। ধারণা করা হয় চীনে মৃত্যুদণ্ডের সংখ্যা হাজার ছাড়িয়ে। বিশ্বের অনেক দেশই এখন মৃতুদণ্ড বন্ধ করে দিয়েছে বলেও মানবাধিকার সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, “বিশ্বে মাত্র ২০টি দেশ মৃতুদণ্ড কার্যকর করে থাকে, এর মানে বাকি ১শ’৭৮টি দেশ মৃতুদণ্ড প্রয়োগ করে না।” অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে ২০টি দেশ ৬ শ’৭৬ টি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২০১০ সালে ২৩টি দেশে এ সংখ্যা ছিল ৫শ’২৭। এছাড়া ২০১১ সালে মধ্যপ্রাচ্যে মৃত্যুদণ্ডের হার ৫০ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি ৩শ’ ৬০টি মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটিতে মাদকবিরোধী নতুন আইনের কারণে এই হার বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে অ্যামনেস্টি আরো জানায়, ২০১১ সালে সৌদি আরবে ৮২টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বছর এসংখ্যা ছিল ২৭। মৃত্যুদণ্ড দেয়ার ক্ষেত্রে পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে যুক্তরাষ্ট্রে ৪৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অবশ্য ২০১০ সালের চেয়ে ওই সংখ্যা একটু কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে অ্যামনেস্টি। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৪৬। তবে আরব বসন্ত নামের ‘গণঅভ্যুত্থানের’ কারণে মধ্যপ্রাচ্যে লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকরের সঠিক সংখ্যা পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে বলা হয়। সলিল শেঠি আরো বলেন, “সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড প্রয়োগকারী রাষ্ট্র হচ্ছে চীন ও ইরান। এরপরই রয়েছে উত্তর কোরিয়া, ইরাক, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়া। খুবই দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রও এ তালিকায় রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৯ ঘ.