লিল্লে, ফ্রান্স, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সে একটি সন্দেহভাজন যৌনকর্মী-চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস কানের বিরুদ্ধে মঙ্গলবার তদন্ত শুরু হয়েছে।
ফ্রান্সের লিল্লে শহরের আলোচিত এ যৌনকর্মী-চক্র মামলার অভিযোগে বলা হয়েছে, স্ট্রস কানের ব্যবসায়িক সহযোগীরা লিল্লের কার্লটন হোটেলের ‘অতিথিদের’ সরবরাহের জন্য একটি যৌনকর্মী-চক্র গড়ে তুলেছিলো।
এর আগে সোমবার কানের আইনজীবী জানান, এ বিষয়ে তদন্তরত তিনজন বিচারক আদালতের রুদ্ধদ্বার কক্ষে দিনব্যাপী কানকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালত ত্যাগ করার অনুমতি দেওয়া হয়।
ইতিমধ্যে এ মামলায় লিল্লের দুইজন ব্যবসায়ী ও একজন পুলিশ কমিশনারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লিল্লের আইনকর্মকর্তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জামিন পাওয়ার জন্য কানকে ১৩ লাখ ৩৩ হাজার ডলার জমা দিতে হবে। এছাড়া, ওই মামলার সঙ্গে জড়িত কোনো প্রত্যক্ষদর্শী, জড়িত অন্যান্যদের সঙ্গে এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ থেকে বিরত থাকার জন্যও তার ওপর নির্দেশ জারি করা হয়েছে।
আদালত থেকে বের হয়ে স্ট্রস কানের আইনজীবী রিচার্ড মালকা দাবি করেন কান নির্দোষ।
কানের বিরুদ্ধে যৌনকর্মী-চক্রের দালালির অভিযোগে চলা এই তদন্ত ফ্রান্সের সমাজবাদী সবেক এই অর্থমন্ত্রীকে নতুন ঝমেলায় ফেলেছে।
গত বছর মে মাসে নিউ ইয়র্কের এক হোটেলকর্মী স্ট্রস কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিল। পরবর্তীতে আদালত ওই অভিযোগ খারিজ করে দেয়। কিন্তু ওই অভিযোগ ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে কানের প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা বানচাল করে দেয়। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের একজন শক্ত প্রার্থী হিসেবেই কানকে বিবেচনা করা হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এএমটি/১৭২৬ ঘ.
bdnews24