বৈরুত/জেনেভা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ ও আরব লিগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত কফি আনানের দেওয়া শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে সিরিয়া। জবাবটি কফি আনান পড়ে দেখছেন এবং শিগগিরই এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানাবেন।
সোমবার জেনেভায় কফি আনানের দপ্তর থেকে এক বিবৃতিতে তার মুখপাত্র আহমেদ ফাওজি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিবৃতিতে সিরিয়ার পাঠানো বার্তার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, সোমবার লড়াই বিধ্বস্ত সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে ফের মর্টারের গোলা নিক্ষেপ করেছে সিরীয় সেনাবাহিনী।
ভিডিওচিত্রে হোমসের দুটি এলাকা থেকে আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখা গেছে। সেনাবাহিনী নির্বিচার গোলা হামলা করছে বলে অভিযোগ করেছে শহরটির বাসিন্দারা।
গত এক বছর ধরে চলা সরকারবিরোধী গণআন্দোলন ও বিদ্রোহের কেন্দ্র হয়ে উঠেছিলো শহরটি।
“প্রতিদিনই গোলা হামলা হচ্ছে। শহরটিকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার,” বলেন হোমসের বাসিন্দা ওয়ালিদ ফারিস। তিনি সরকারবিরোধী একজন আন্দোলনকারী।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গোলা হামলায় হোমসে আটজন নিহত হয়েছে। এদের নিয়ে সোমবার সিরিয়াজুড়ে নিহতের মোট সংখ্যা ষোলজন হলো বলে জানিয়েছে সংগঠনটি।
নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে তারা।
ওদিকে, সোমবার তুরস্ক ও নরওয়ে সিরিয়ায় নিজ নিজ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে।
সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় দূতাবাসের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তুরস্ক।
এর আগে পশ্চিমা দেশগুলো ও বিভিন্ন আরব দেশ সিরিয়া থেকে তাদের কূটনৈতিক কার্যক্রম গুটিয়ে নিয়েছিলো।
চলতি মার্চ মাসের প্রথম দিকে দামেস্কের কাছে শান্তি প্রস্তাব উত্থাপন করা কফি আনান সোমবার মস্কোতে বলেছেন, সিরিয়ার সমস্যা চিরকাল চলতে পারে না। তবে দেশটির সহিংসতা অবসানে তিনি কোনো সময়সীমা নির্ধারণ করবেন না বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৬ ঘ.
bdnews24