২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার স্বাস্থ্যসেবা আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে তিন দিনের শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ওয়াশিংটন, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে তিন দিনের শুনানি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের আওতায় এ আইনের বৈধতা পরীক্ষা করতে শুনানি শুরু করেছেন ৯ বিচারপতি। ছয় ঘণ্টার দীর্ঘ শুনানি চলবে। বিষয়টি নিয়ে জনমনে আগ্রহ থাকায় আদালতে প্রতিদিনকার শুনানির অডিও রেকর্ড প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিবিসি। ২০১০ সালের ২৩ মার্চে ওবামার সই করা স্বাস্থ্যসেবা সংস্কার আইনটি নিয়ে তার বিরোধী শিবির সমালোচনামুখর। এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরাসহ কংগ্রেসের সদস্যরা আইনটির বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, ওবামা স্বাস্থ্যসেবা খাতে যে আইন করেছেন তা অর্থনৈতিকভাবে দেশের বিভিন্ন অঙ্গরাজ্য, ব্যবসায়িক খাত এমনকি জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। ওবামা প্রশাসনের স্বাস্থ্য পরিষেবা সংস্কার আইনের আওতায় ৩ কোটি ২০ লাখ মার্কিনি স্বাস্থ্যসেবার আওতায় এলেও সমালোচকরা বলছেন, এ আইনে জনগণকে স্বাস্থ্যবীমা করানোর যে শর্ত দেওয়া হয়েছে তা নাগরিক স্বাধীনতার লঙ্ঘন। আইন অনুযায়ী, বেশিরভাগ মার্কিনিকেই ২০১৪ সালের মধ্যে স্বাস্থ্যবীমা করা অথবা জরিমানা হিসাবে কর দিতে হবে। স্বাস্থ্য সেবা নিতে জনগণকে এরকম বাধ্যবাধকতার মুখে ফেলার বিষয়টি নিয়েই উঠেছে ঘোর আপত্তি। রিপাবলিকানদের নেতৃত্বে আইনটিকে চ্যালেঞ্জ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্য। ফলে বিষয়টি রাজনৈতিক বিতর্ক থেকে মোড় নিয়েছে আইনি লড়াইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৫০ ঘ.