ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার সংকট নিরসনে কফি আনানের উদ্যোগকেই দেশটিতে গৃহযুদ্ধ এড়ানোর সর্বশেষ সুযোগ বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
পাশাপাশি জাতিসংঘ ও আরব লিগের এই প্রতিনিধির প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার কফি আনানের সঙ্গে মস্কোয় এক বৈঠকে মেদভেদেভ এসব কথা বলেন বলে রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এনডিটিভি জানায়।
প্রেসিডেন্ট মেদভেদেভ বলেন, “দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এড়াতে সম্ভবত এটিই সিরিয়ার সর্বশেষ সুযোগ।”
আনানের উদ্দেশে মেদভেদেভ আরো বলেন, “যে কোনো পর্যায়ে আমরা আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন ঘোষণা করছি। আমরা অত্যন্ত আশাবাদী আপনার উদ্যোগের মাধ্যমে একটি ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে।”
প্রত্যুত্তরে আনান জানান, প্রায় এক বছর সময় ধরে সিরিয়ার চলা রক্তক্ষয়ী সহিংসতা বন্ধে সফল হতে হলে রাশিয়ার জোড়ালো সমর্থন তার প্রয়োজন হবে।
সিরিয়ায় প্রায় বছরব্যাপী চলমান সংকট নিরসনে জাতিসংঘ ও আরব লিগ শান্তিতে নোবেল পুরস্কার জয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়।
এরই অংশ হিসেবে আনান সিরিয়া সফর করেন এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেও বাশারের পক্ষ থেকে কোনো সাড়া আসেনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে প্রায় বছর খানেক সময় ধরে গণ আন্দোলন চলছে। কিন্তু জনগণের দাবির প্রতি কর্ণপাত না করে সরকারি বাহিনী দিয়ে বিদ্রোহ দমন করতে চাইছেন বাশার। এরফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
বিরোধীদের দাবি অনুযায়ী গত এক বছরে সরকারি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে প্রায় ৯ হাজার ১শ’ মানুষ।
অন্যদিকে, চলমান আন্দোলনকে বিদেশি শক্তির মদদপুষ্ট সন্ত্রাসীদের কর্মকাণ্ড আখ্যা দিয়ে তাদের হাতে সরকারি বাহিনীর প্রায় ২ হাজার সদস্য প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে সিরীয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৬ ঘ.
bdnews24