ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উঠতি অর্থনৈতিক শক্তির দেশগুলোর মনোনীত প্রার্থীদের নজিরবিহীন চ্যালেঞ্জের মুখেও বিশ্ব ব্যাংক প্রধানের পদে যুক্তরাষ্ট্র মনোনীত প্রার্থী জিম ইয়ং কিম ব্যাপক আন্তর্জাতিক সমর্থন নিয়ে বিজয়ী হবেন।
শনিবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী টিমোথি গেইথনার।
ওয়াশিংটনের হাতে থাকা বিশ্ব ব্যাংক প্রধানের পদে এই প্রথম উঠতি অর্থনৈতিক শক্তির দেশগুলোর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে।
দুইজন শ্রদ্ধেয় অর্থনীতিবিদ ও কূটনীতিক, একজন নাইজেরিয়ার অর্থমন্ত্রী এনগোজি ওকোঞ্জো ইউয়িআলা ও অন্যজন কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী হোসে আন্তনিও ওকাম্পো উঠতি অর্থনৈতিক শক্তির দেশগুলোর মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে, কোরিয়ান বংশোদ্ভুত মার্কিন নাগরিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কিম এইচআইভি/এইডসের বিরুদ্ধে তার লড়াই ও দরিদ্রদের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য বিশ্বের উন্নয়ন বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক পরিচিত।
শুক্রবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
“মনোনয়ন দেওয়ার জন্য প্রেসিডেন্ট এমন একজন প্রার্থীকে খুঁজছিলেন যিনি বিশ্বব্যাপী ব্যাপক সমর্থন দাবি করতে পারেন,” সাক্ষাৎকারে বলেন গেইথনার, “এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এককভাবে এ সিদ্ধান্ত নিতে পারি না।”
“ডঃ কিমের মিশ্র অভিজ্ঞতা এ সময়ে বিশ্ব ব্যাংকের জন্য খুব উপযোগী হয়ে দেখা দেবে এবং আমি মনে করি পুরো বিশ্ব তার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত হবে,” বলেন তিনি।
চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও রাশিয়ার মতো উঠতি অর্থনৈতিক শক্তিগুলো তদের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদের মনোনয়ন উন্মুক্ত করার দাবি তুলেছে। একইসঙ্গে বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)’র প্রেসিডেন্ট পদের মনোনয়নও উন্মুক্ত করার দাবি জানিয়েছে।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময়ই আমেরিকানরাই হতো, আর আইএমএফ’র প্রেসিডেন্ট পদটি বরাদ্দ ছিল একজন ইউরোপীয়র জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত এ দুটি বিশ্ব প্রতিষ্ঠানে এ যাবৎ এমনই হয়ে আসছিলো।
২০০৯ সালে জি-২০ নেতারা এই দুটি বিশ্ব প্রতিষ্ঠানের প্রধানের পদে নিয়োগের বিষয়টি স্বচ্ছ ও উন্মুক্ত করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়। তাই অন্যান্য দেশ থেকেও প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে এতে আশ্চর্যের কিছু নেই বলে জানান গেইথনার।
এমনটিই হবে বলে তারা আশা করছিলেন জানিয়ে গেইথনার বলেন, “এটি সব দিক দিয়েই প্রতিষ্ঠানটির জন্য মঙ্গলজনক। কিন্তু আমি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর সঙ্গে আমার আলোচনার ভিত্তিতে আপনাদের এটা বলতে পারি, কিম ব্যাপক সমর্থন নিয়ে জিতবে বলে আমি বিশ্বাস করি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/ ১৮০৫ঘ.
bdnews24