বৈরুত, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার লড়াই বিধ্বস্ত শহর হোমসে ফের ট্যাংক ও র্মর্টারের ভারী গোলাবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া, দেশজুড়ে আরো কয়েকটি বিদ্রোহী এলাকায় উপর্যুপরি হামলা চালিয়েছে সেনারা।
শনিবারের এসব হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকারীরা।
লাগাতার এ সহিংস পরিস্থিতিতে প্রস্তাবিত যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে রাশিয়ার সমর্থন লাভের জন্য মস্কোয় গেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত কফি আনান।
রোববার কফি আনান ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বৈঠক হওয়ার কথা।
পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলো চায় ক্ষমতা থেকে সরে যাক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু সিরিয়ার দীর্ঘদিনের মিত্র রাশিয়া চায় সমস্যা সমাধানের প্রাথমিক উদ্যেগ বিদ্রোহী ও তাদের বিদেশি সমর্থকরাই গ্রহণ করুক।
আনান- মেদভেদেভ মধ্যে বৈঠকের আগে দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, “বিরোধী বিদ্রোহীদের প্রতি বহিঃশক্তির অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দেওয়া বন্ধ হলেই কেবল মস্কো যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য আসাদ সরকারের ওপর চাপ প্রয়োগ করবে।”
আসাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও আলাপ- আলোচনার মাধ্যমে সিরিয়ার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এখন আরো দূরের ব্যাপার বলে মনে হচ্ছে। কারণ সিরিয়াজুড়ে লড়াই ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
আসাদ বিরোধী বিদ্রোহের কেন্দ্র হোমসে দূরপাল্লার রাইফেলের গুলিতে ও বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। সেনাবাহিনী হোমসের আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে নির্বিচার গোলাবর্ষণ করেছে বলেও অভিযোগ করেছে তারা।
“কোনো কারণ ছাড়া প্রতি সকালের মতোই তারা গোলাবর্ষণ করতে শুরু করে। হোমসের পুরনো আবাসিক এলাকগুলো লক্ষ্য করে তারা ট্যাংক ও মর্টার থেকে গোলা নিক্ষেপ করে,” হোমসের বাব সবা এলাকার এক আন্দোলনকারী স্কাইপি’র মধ্যমে রয়টার্সকে জানান।
তিনি জানান, এখানকার অধিকাংশ মানুষ এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। আর বাকীরা সবকিছু নিয়ে এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
এছাড়া, তুরস্ক সীমান্তের ইদলিব প্রদেশের সারাকিব এলাকায় এক অভিযানে সেনারা অন্তত পাঁচ জনকে হত্যা ও কয়েক ডজন মানুষকে আহত করেছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
এখানেও ট্যাংক ও সাঁজোয়া যান ব্যাবহার করে ভারী গোলার্বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে তারা।
হোমস প্রদেশের কুয়াসির এলাকায়ও মর্টার ও ভারী কামানের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে।
রাজধানী দামেস্কের উপকন্ঠে দৌমা এলাকায় শনিবার সারারাত সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে আর একটি সূত্র।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের একটি তল্লাশি চৌকিতে গুলিতে একজন সেনা নিহত হলে সেনাবাহিনীর পাল্টা গুলিতে অপর একজন নিহত হয়।
এছাড়া, হাসাকা প্রদেশে আরো তিন সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
এদিকে, বিভিন্ন সংঘর্ষে নিহত সেনাবাহিনীর ১৮ জন ‘শহীদ’ সেনাকে শনিবার সমাহিত করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রিয় সংবাদ সংস্থা সানা।
গত এক বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার সহিংসতায় ৮ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
অপরদিকে সহিংসতার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ দায়ী করে সিরীয় সরকার দাবি করেছে, বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর প্রায় ৩ হাজার সদস্যকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১১২৪ঘ.
bdnews24