২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংক প্রধান পদে ওবামার ‘অপ্রত্যাশিত’ পছন্দ

আলোচনায় না থাকা কোরীয় বংশোদ্ভূত জিম ইয়ং কিমের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রতিদ্বন্দ্বিতায় আছেন আফ্রিকা ও লাতিন আমেরিকার দুই প্রার্থীও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 07:24 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ওয়াশিংটন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রধান হিসেবে কোরীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ইয়ং কিমকে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউসে অনেকটা অপ্রত্যাশিতভাবেই রবার্ট জোয়েলিকের উত্তরসূরি হিসেবে জিম কিমের নাম ঘোষণা করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইচআইভি কর্মসূচির সাবেক পরিচালক জিম কিম এ সময় প্রেসিডেন্টের পাশেই ছিলেন। ছিলেন অর্থমন্ত্রী টিমোথি গেইথনার ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও। বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে হিলারি, জাতিসংঘে ওয়াশিংটনের দূত সুসান রাইসসহ কয়েক জনের নাম আলোচনায় থাকলেও ২০০৬ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় থাকা জিম কিমের কথা কখনোই আসেনি। কোরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম কিম নিউ হ্যাম্পশায়ারের ডার্টমাউথ কলেজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক গঠনের পর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরাই এর প্রধান পদটি অলঙ্কৃত করে এলেও এবার উন্নয়নশীল দেশগুলো বলছে, এতে পরিবর্তন দরকার। আর তাই এই পদে প্রতিদ্বন্দ্বীও পেয়েছেন জিম কিম। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় এ পদের জন্য নাম প্রস্তাবের সময় শেষ হওয়ার পর বিশ্ব ব্যাংক যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, তাতে আরো আছেন নাইজেরিয়ার অর্থমন্ত্রী নগচি ওকোনজো-আইয়েলা ও কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী ও নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসে আন্তনিও ওকাম্পো। বিশ্ব ব্যাংকের শীর্ষ পদের জন্য ওকোনজো আইয়েলার নাম প্রস্তাবের কারণ হিসেবে অর্থনীতিবিদ ও কূটনীতিক হিসেবে এই নারীর দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেছে নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকা এক সংবাদ সম্মেলনে ওকোনজো বলেন, ‘আমি বিশ্ব ব্যাংককে বিশ্বের জন্য, বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিবেচনা করি। আমি জোর প্রতিদ্বন্দ্বিতার জন্য মুখিয়ে আছি। জেতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।” কলম্বিয়ার নাগরিক ওকাম্পো অবশ্য এই পদের জন্য নিজের দেশের সমর্থন পাননি। তাকে সমর্থন দিয়েছে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। বিশ্ব ব্যাংকের প্রধান পদে নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসের নামও ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তুলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ইউনূস নিজেই তার অনাগ্রহের কথা জানান। বিশ্ব ব্যাংকে ভোটের হিসাব অবশ্য ভিন্ন। এখানে ভোটের ক্ষমতা নির্ধারণ করা হয় কে কতো অনুদান দেয়- তার ওপর ভিত্তি করে। ফলে সবচেয়ে বেশি ভোটের অধিকারী যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সমর্থন পায়, তাহলে আগামী জুনে জোয়েলিকের বিদায়ের পর ওবামার মনোনীত প্রার্থীর এই সংস্থার শীর্ষ আসনে বসতে কোনো বাধা থাকবে না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব ব্যাংকের শীর্ষ পদে এসেছিলেন জোয়েলিক। ৫২ বছর বয়সি জিম কিমের মনোনয়নের ক্ষেত্রে ওবামার যুক্তি-, “উন্নয়ন বিষয়ক কোনো বিশেষজ্ঞকে বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থার নেতৃত্বে আনার এখনই সময়।” মনোনয়ন পেয়ে কিম বলেন, “দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা অব্যাহত রাখার ক্ষেত্রে বিশ্বের ইতিহাসে অন্যতম জটিল একটি সময় আমরা পার করছি।” ১৯৫৯ সালে সিউলে জন্ম নেওয়া জিম কিম ‘পার্টনারস ইন হেলথ’ এর অন্যতম প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠান দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিতে কাজ করে। ১৯৮৭ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় এর সঙ্গে যুক্ত হন তিনি। ২০০৯ সালে ডর্টমাউথ কলেজের প্রেসিডেন্ট মনোনীত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এসইউ/১১২৫ ঘ.