ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিধানসভায় পর্নোগ্রাফি দেখার ঘটনা ফাঁস হওয়ায় কর্ণাটকে তিন মন্ত্রীর পদত্যাগের পরের মাসে ফের একই অভিযোগের মুখে পড়েছেন গুজরাটের দুই বিধায়ক।
গুজরাটে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই বিধায়ক মঙ্গলবার বিধানসভায় বসে আইপ্যাডে নারীর অশ্লীল ছবি দেখছিলেন বলে স্থানীয় একটি পত্রিকার এক সাংবাদিক অভিযোগ করেছেন।
এনডিটিভির এক খবরে বলা হয়, গুজরাট সমাচারের সাংবাদিক জনকভাই পুরোহিত বিধান সভার স্পিকার গণপত ভাসাভার কাছে অভিযোগ করেছেন, মঙ্গলবার অধিবেশন চলাকালে বিধানসভায় বসে বিধায়ক শঙ্কর চৌধুরী ও জেথা ভাই ধারওয়াদ নারীর নগ্ন ছবি দেখছিলেন।
বিধানসভার একটি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটিকে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার।
ওই সাংবাদিক বলেন, “প্রথমে তারা স্বামী বিবেকানন্দের ছবি দেখা শুরু করে। তারপর কার্টুন ও তারপর নারীর ছবি। আমি তাদের নারীদেহের কিছু বাজে ছবি দেখতে দেখেছি এবং মনে করেছি এটা অন্যায়। আমি স্পিকারের চেম্বারে গিয়ে তার ব্যক্তিগত সহকারীর কাছে অভিযোগ করি যে, এটা কর্ণাটকের ঘটনার পুনরাবৃত্তি। তিনি স্পিকারকে বিষয়টি জানান এবং তা দেখা বন্ধ হয়।”
“প্রায় ২০ মিনিট ধরে তা চলেছিল। তারা অশ্লীল ছবি দেখায় মজেছিল।”
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে শঙ্কর চৌধুরী বলেন, “এর কোনো ভিত্তি নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিছু মানুষ আমাকে হেয় করার চেষ্টা করছেন।”
“দোষী প্রমাণিত হলে আমরা পদত্যাগ করবো,” বলেন শঙ্করের সঙ্গে অভিযোগের মুখে পড়া ধারওয়াদ।
এর আগে গত মাসের শুরুর দিকে কর্ণাটকের বিধানসভায় পর্ণোগ্রাফি দেখার অভিযোগের মুখে পদত্যাগ করেন তিন মন্ত্রী। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৩৫ ঘ.
bdnews24