ওয়াশিংটন, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণতান্ত্রিক পরিবর্তনের শর্ত পূরণে ব্যর্থ হলেও মিশরে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদেশি সহায়তা বিষয়ক সিনেট সাব কমিটির প্রধান প্যাট্রিক লেহি এক বিবৃতিতে একথা জানান।
হিলারির সিদ্ধান্ত জানিয়ে এর সঙ্গে দ্বিমত পোষণ করে লেহি বলেন, সামরিক সহায়তার পরিমান কমানো উচিত ক্লিনটনের।
লেহির এ বিবৃতির কয়েক ঘণ্টা পরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, লেহির উত্থাপিত ও কংগ্রেসে সম্প্রতি পাস হওয়া একটি আইনের কিছু ধারা শুক্রবার প্রত্যাহার করবেন হিলারি।
মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখতে মিশরের সরকারকে গণতান্ত্রিক পরিবর্তনের সমর্থনে এ আইন পাস করা হয়।
এ কর্মকর্তা বলেন, “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের ওপর ভিত্তি করে মিশরের গণতান্ত্রিক পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট আইনি শর্তগুলো প্রত্যাহার করবেন হিলারি। মিশরে ‘বিদেশি সামরিক অর্থায়ন’ অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে বিদেশি সহায়তা বিষয়ক সাব কমিটির রিপাবলিকান প্রধান কে গ্রোঙ্গার বলেন, মিশরের সরকারের গণতান্ত্রিক পরিবর্তন এখনও চলছে। এরকম মুহূর্তে হিলারির এ ধরনের সিদ্ধান্তে হতাশ হয়েছেন তিনি।
গত বছর প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর মিশর গণতন্ত্রের পথে অগ্রসর হয়েছে। দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আগামী মে মাসে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে।
তবে গত কয়েকমাসে দেশটিতে অবস্থানরত গণতন্ত্রকামী মার্কিন গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের ওপর হামলায় মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আর এতে করে সহায়তার পরিমাণ ঝুঁকির মুখে পড়তে পারে বলে মিশরকে সতর্ক করে দেয় ওবামা প্রশাসন।
বর্তমান অর্থবছরে মিশরের জন্য ১.৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে কংগ্রেস। এছাড়া অর্থনৈতিক সহায়তা হিসেবে ২৫০ মিলিয়ন ডলার ও ‘এন্টারপ্রাইজ ফান্ড’ হিসেবে ৬০ মিলিয়ন ডলারেরও অনুমোদন দেওয়া হয়।
তবে মার্কিন সামরিক সহায়তা প্রদানের জন্য মিশরের সরকার যে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার বিষয়টি সমর্থন করছে তা হিলারিকে নিশ্চিত করতে হবে। জাতীয় নিরাপত্তার ভিত্তিতে এসব শর্ত প্রত্যাহারে আইনের একটি ধারা ব্যবহার করছেন তিনি। এক্ষেত্রে ওইসব শর্ত পূরণ না করেই সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিতে পারবেন হিলারি।
মার্কিন আইনে আরো বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে সহায়তা পেতে যেসব শর্ত পূরণ করা প্রয়োজন তা যে মিশর পূরণ করেছে সেটা পররাষ্ট্রমন্ত্রীকেই নিশ্চিত করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৯ ঘ.
bdnews24